দেশব্যাপী চলমান সহিংসতা এবং অবরোধ শীঘ্রই বন্ধ না হলে বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের তৎপরতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পররাষ্ট্র বিশ্লেষকরা। এইসব তৎপরতাকে সাবেক রাষ্ট্রদূত মুহাম্মদ জমির খুব একটা গুরুত্ব না দিলেও দীর্ঘ মেয়াদে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তা প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন পররাষ্ট্র বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। রিপোর্ট এহসান জুয়েলের।
দেশব্যাপী চলমান রাজনৈতিক অস্থিরতায় যখন পেট্রল বোমায় পুড়ছে মানুষ, ব্যহত হচ্ছে অর্থনৈতিক কর্মকান্ড, তখন একের পর এক উদ্বেগ জানিয়ে চলছে ঢাকাস্থ কূটনীতিক হাইকমিশন এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় পার্লামেন্ট থেকে শুরু করে জাতিসংঘের এসব উদ্বেগ উৎকণ্ঠায় রাজনৈতিক দলগুলোকে সহিংসতা পরিহারের পাশাপাশি আহ্বান জানানো হচ্ছে সংলাপেরও।
এ অবস্থায় এসব উদ্বেগ, উৎকণ্ঠার ফলাফল নিয়ে মিশ্র মত রয়েছে দেশের পররাষ্ট্র বিশ্লেষকদের।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, অবস্থার উন্নতি না ঘটলে কূটনীতিকদের এই তৎপরতা আরো বাড়তে থাকবে।
সাবেক রাষ্ট্রদূত মুহাম্মদ জমির বলেন, আভ্যন্তরীণ বিষয়ে কূটনীতিকদের উদ্বেগ প্রকাশ দরকার নেই। একই সাথে আভ্যন্তরীণ বিষয়ে হন্তক্ষেপ করারও কোনো অধিকার তাদের নেই।
আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য মুহাম্মদ জমির কূটনীতিকদের তৎপরতাকে তেমন আমলে নিতে নারাজ। যদিও অধ্যাপক ইমতিয়াজ মনে করেন, ভবিষত সহযোগীতার স্বার্থেই বাংলাদেশের উচিত অন্য দেশের মতামতকে গুরুত্ব দেয়া।
এক্ষেত্রে নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে না পারলে আগামী দিনগুলোতে এ ধরনের কূটনীতিক তৎপরতা আরো বাড়তে পারেও বলেও মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।


















































