ডেস্ক রিপোর্টঃ
অবরোধ ও হরতালে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না হাইওয়ে পুলিশ। অরক্ষিত হয়ে পড়েছে দেশের সব মহাসড়ক। এ কারণে যানবাহনচালক ও যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে চরম ভীতি ও আতঙ্ক। র্যাব ও জেলা পুলিশের সহযোগিতা নিয়েও হাইওয়ে পুলিশ মহাসড়কগুলোতে অগ্নিবোমা হামলাসহ নাশকতা প্রতিরোধ করতে পারছেনা। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় ইতিমধ্যে রাত ৯টার পর যাত্রীবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মহাসড়কের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে পরিবহন মালিক-শ্রমিকরা দাবি করেছে, গত এক মাসে সারাদেশে এক হাজারের বেশি যানবাহন হরতাল ও অবরোধকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব যানবাহনের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। অবরোধ শুরুর পর পরিবহন মালিক সমিতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম, ফেনী, মিরেরসরাই, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী, ঢাকা-বগুড়া ও উত্তরবঙ্গের বিভিন্ন মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ি, তুলসীঘাট, নওগাঁ এবং রংপুরের বেশকিছু ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করতে অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার হাইওয়ে পুলিশকেও বিভিন্ন সময়ে অবহিত করা হয়। কিন্তু তারপরও মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, গত এক মাসেরও বেশি সময়ে দেশের বিভিন্ন মহাসড়কে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। অগ্নিবোমা হামলা চালানো হচ্ছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী বিভিন্ন ধরনের যানবাহনে। গত ২৮ জানুয়ারি রাত আড়াইটার দিকে বেনাপোল থেকে ঢাকায় আসার পথে মাগুরার শালিখা উপজেলার আটপাড়া এলাকায় অবরোধকারীরা একটি ট্রাকে অগ্নিবোমা হামলা চালায়। এসময় ট্রাক চালক মিলন ও হেলপার ইমরুল শেখ মারাত্মকভাবে দগ্ধ হন। গত ৭ ফেব্র“য়ারি রাতে ঘটে সবচেয়ে বড় নাশকতার ঘটনা। দিনাজপুর থেকে ৬০ জন যাত্রী নিয়ে ঢাকায় আসার পথে গাইবান্ধার সদর উপজেলার মহাসড়কে বাসে অগ্নিবোমা হামলায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। পরে হাসপাতালে মারা যায় আরো ৩ জন। অগ্নিদগ্ধ অবস্থায় আরো ৪০ জনকে রংপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরদিন ৮ ফেব্র“য়ারি ভোরে দিনাজপুর-ঢাকা মহাসড়কের আমতলী এলাকায় অবরোধকারীরা রাস্তার পাশের গাছ কেটে ব্যারিকেড দিয়ে যানবাহনে হামলা চালায়। দিনাজপুরগামী বিস্কুটবাহী একটি কাভার্ডভ্যানে চিরিরবন্দর এলাকায় দুর্বৃত্তরা অগ্নিবোমা নিক্ষেপ করে। এতে কাভার্ডভ্যান চালক আবদুর রহমান ও হেলপার সিরাজুল ইসলাম আহত হয়। গুরুতর আহত আবদুর রহমানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবদুর রহমান অভিযোগ করেন, অবরোধকারীরা রাস্তায় গাছ কেটে অবরোধ করে, কিন্তু হাইওয়ে পুলিশ তা জানে না। হাইওয়ে পুলিশ টহলে থাকলে অবরোধকারীরা গাছ কাটার সুযোগ পেত না।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের সিনিয়র এএসপি শাহরিয়ার জানান, অবরোধ ও হরতালে হাইওয়ে পুলিশ সমন্বিতভাবে মহাসড়কের নিরাপত্তা দিচ্ছে। তবে এই বিশেষ পরিস্থিতির কারণে নিরাপত্তার ব্যাপারে হাইওয়ে পুলিশের নিজস্ব কোনো কৌশল নেই। ১১৪টি স্থানে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। অন্যান্য যানবাহন বিজিবি, র্যাব, আনসার সদস্যদের সমন্বয়ে শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন গন্তব্যে যেতে সহযোগিতা করছে। এছাড়া হাইওয়ে পুলিশের নিজস্ব টহল অব্যাহত রয়েছে। হাইওয়ে পুলিশের প্রয়োজনের তুলনায় জনবল ও যানবাহন অনেক কম। এ কারণে মহাসড়কের প্রতিটি স্থানে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশ ৪টি জোনে বিভক্ত হয়ে সারাদেশের মহাসড়কে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। ৪ জন পুলিশ সুপার পদমর্যাদার পুলিশ কর্মকর্তা নিরাপত্তার বিষয়টি তদারকি করেন। জনবল ও যানবাহন যা আছে তা দিয়েই কাজ চালিয়ে নিতে হচ্ছে। বগুড়া, সিরাজগঞ্জ ও রাজশাহী হাইওয়েতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। এ কারণে ওই এলাকায় ঘটনা বেশি ঘটছে। হাইওয়ে পুলিশের জনবল ২ হাজার ১৯২ জন থাকার কথা। কিন্তু এখন প্রায় ২ হাজার ১০০ জন আছে। জনবল আরো বাড়ানো প্রয়োজন। অপরদিকে যানবাহনের সংখ্যাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ১৭৬টি মোটরসাইকেল, ৫টি জিপ, গাড়ি ১৩টি, ৮৬টি ডাবল কেবিন পিকআপ, ২টি মাইক্রোবাস, ৮টি রেকার রয়েছে। প্রয়োজনের তুলনায় যানবাহনের এই সংখ্যা খুবই কম। যেখানে ৫ বার টহল দেয়া প্রয়োজন, এখন সেখানে ২ বার টহল দেয়া সম্ভব হচ্ছে।


















































