শুক্রবার,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গাইবান্ধা ও ঝিনাইদহে বন্দুকযুদ্ধে নিহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০১৫

image_118051_0

স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহ ও গাইবান্ধায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক শিবিরনেতাসহ দুজন নিহত হয়েছেন। নিহত অন্যজন বিপ্লবী কমিউনিস্ট পার্টির হক গ্রুপের নেতা বলে র্যা বের দাবি।
মঙ্গলবার ভোরে ওই দুই ঘটনা ঘটে।
আমাদের গাইবান্ধা প্রতিনিধি জানান, মঙ্গলবার ভোররাতে গাইবান্ধার পলাশবাড়ীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোস্তফা মঞ্জিল  (৩৩)নামের একজন শিবিরকর্মী নিহত হন। মঙ্গলবার ভোরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার বুড়ির ঘর এলাকায় এ ঘটনা ঘটে।  মোস্তফা মঞ্জিল গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের মো. জছিজল মাস্টারের ছেলে।

পুলিশের দাবি, মঞ্জিল বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত ছিল।  ঘটনাস্থল থেকে সাতটি পেট্রলবোমা, দুটি আগ্নেয়াস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান,  গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের বুড়িরঘর এলাকায় র‌্যাব-১৩-এর টহল দলের ওপর মোস্তফা মঞ্জিল ও তার সহযোগীরা পেট্রলবোমা নিক্ষেপের চেষ্টা করে এবং গুলি ছোড়ে। এ সময় র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মোস্তফা মঞ্জিল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ সদর উপজেলার টুটলিয়া গ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম তারেক নামে এক যুবক নিহত হন।  ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম তারেক সদর উপজেলার বিষয়খালী গ্রামের জলিল উদ্দিনের ছেলে।

র‌্যাবের দাবি, তারেক  বিপ্লবী কমিউনিস্ট পার্টির হক গ্রুপের নেতা।

মঙ্গলবার সকালে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় দাবি করা হয়, র‌্যাব-৬-এর সদস্যদের সঙ্গে গুলিবিনিময়ে তারেক নিহত হন। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গুলি, পেট্রলবোমা, বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হন বলে বার্তায় দাবি করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি