ডেস্ক রিপোর্ট ঃ
দেশে দাপিয়ে বেড়াচ্ছে ঘনিষ্ঠ সহযোগী তারা বাবু, কালু, ভাগ্নে স্বপন ও সুরুজ
সরকারের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী আমিনুল ইসলাম ওরফে মুকুল নেপালে বসেই একের পর এক কিলিং মিশন বাস্তবায়ন করছেন। তার নির্দেশে দেশে থাকা ক্যাডারদের হাতে গত এক যুগে খুন হয় অর্ধশতাধিক ব্যক্তি। যাদের মধ্যে ৪৩ জনের নাম-পরিচয় খুঁজে পেয়েছে আইনশৃংখলা বাহিনী। সূত্র বলছে, মুকুল পলাতক থাকলেও তার নামে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল ও অস্ত্র ব্যবসা থেমে নেই। তার ক্যাডার বাহিনীর নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে অনেকটা নির্বিঘ্নে। বিশেষ করে কুষ্টিয়াসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে তার সাঙ্গোপাঙ্গরা ফের বেপরোয়া হয়ে উঠেছে। নেপালে পলাতক থাকলেও মোবাইল ফোনে তার সব নির্দেশ বাস্তবায়ন করছে মুকুলের ডান হাত হিসেবে পরিচিত আরেক চরমপন্থী নেতা নূরে আলম বাবু ওরফে তারা বাবু ও তার ভাই সুরুজ, ভাগ্নে জয় ও মুকুলের ভাগ্নে স্বপন।
সূত্র জানায়, র্যাব পুলিশ হন্যে হয়ে খুঁজলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা বাবু দেশেই আত্মগোপনে রয়েছে। সে কখনও ঢাকায়, কখনও কুষ্টিয়া, আবার কখনও নাটোর হয়ে নওগাঁ এলাকায় আত্মগোপন করে। পুলিশ জানায়, চমপন্থী নেতা মুকুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় বিস্তর হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। বিচারাধীন আছে খুন, সন্ত্রাস, লুটপাট ও আগ্নেয়াস্ত্রের ২৮টি মামলা।
সূত্র জানায়, ২০০০ সালের দিকে মুকুল-গামা ও শাহিনের নেতৃত্বে গণমুক্তিফৌজ নামে চরমপন্থী সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এরপর স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতাদের ‘শ্রেণীশত্র“’ আখ্যা দিয়ে টার্গেট কিলিংয়ে মেতে ওঠে তারা। এ সময় মুকুলের হাতে নিহত হন স্থানীয় আওয়ামী লীগ নেতা কুমারখালী থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হোসেন বাচ্চু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ নেতা মেহেরুল, সদর থানার রাতুল পাড়া গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা বকুল সওদাগর, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতা সুবোধ কুমার কুণ্ডু, কুষ্টিয়া শহর যুবলীগের নেতা জামু ও হেলাল উদ্দীন মদনসহ আরও অনেকে।
২০০৪ সালের দিকে কুষ্টিয়া এলাকায় চরমপন্থী নির্মূলে টানা অভিযান শুরু করে র্যাব। দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে মাথাচাড়া দিয়ে ওঠা উগ্র চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের বেশিরভাগ সদস্য একের পর এক র্যাবের ক্রসফায়ারে মারা পড়তে শুরু করে। অভিযানে মুকুলের ঘনিষ্ঠ সহযোগীদের অনেকে মারা পড়েন। অবস্থা বেগতিক দেখে দেশ ছাড়তে বাধ্য হন শীর্ষ নেতা মুকুল। সীমান্ত পাড়ি দিয়ে তিনি ভারতের পশ্চিমবঙ্গে পালিয়ে যান। এরপর ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী বনগ্রাম এলাকায় আত্মগোপন করেন মুকুল ও তার বাহিনীর বেশ কয়েকজন নেতা। সেখান থেকেই বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তারা। এভাবে দীর্ঘদিন আত্মগোপনে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর এক পর্যায়ে ২০০৮ সালে তিনি ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হন। দীর্ঘ সাড়ে তিন বছর জেল খেটে ২০১১ সালের জুনে জামিনে ছাড়া পান। কিন্তু জেল থেকে বেরিয়ে পুনরায় আন্ডারওয়ার্ল্ডে ঢুকে পড়েন মুকুল। এরপর ২০১৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় দফা তিনি ভারতীয় সিআইডির হাতে ধরা পড়েন। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ তাকে শনাক্ত করতে ব্যর্থ হয়। এ সুযোগে তিনি সিআইডির কাছে মুচলেকা দিয়ে ছাড়া পান। কিন্তু পুলিশের জাল থেকে বেরিয়ে তিনি নেপালে চলে যান। বর্তমানে এ শীর্ষ সন্ত্রাসী নেপালে বসেই খুন, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের নাটাই ঘোরাচ্ছেন।
পুলিশের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, নেপাল থেকে মুকুলকে ফিরিয়ে আনতে ইতিমধ্যে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক তৎপরতা শুরু হয়েছে। একই সঙ্গে মুকুল বাহিনীর লাগাম টেনে ধরতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরেক দফা সাঁড়াশি অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে র্যাব। র্যাবের ক্রিমিনাল ডাটা বেইজ (অপরাধী তালিকা) থেকে জানা যায়, আমিনুল ইসলাম মুকুলের জন্ম কুষ্টিয়া সদরের আলমপুর গ্রামে। তার পিতার নাম ফজলুল হক বিশ্বাস। মা আনোয়ারা বেগম। ৪৭ বছর বয়স্ক এই চরমপন্থী নেতার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। তিন ভাই ও চার বোনের মধ্যে মুকুল তৃতীয়। মুকুলের স্ত্রী সাহিদা খাতুন ওরফে দুখু এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর ধানমণ্ডিতে বসবাস করেন। উচ্চপদস্থ একজন গোয়েন্দা কর্মকর্তা যুগান্তরকে বলেন, মুকুল ভারতে পালিয়ে যাওয়ার পর মুকুল বাহিনীর হাল ধরেন তার স্ত্রী সাহিদা খাতুন ওরফে দুখু। তিনি রাজধানীর ধানমণ্ডিতে বসে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ শুরু করেন। কিন্তু তিনিও একপর্যায়ে র্যাবের গোয়েন্দা জালে ধরা পড়েন। রাজধানীর কলাবাগান থেকে তাকে বিদেশী অস্ত্রসহ গ্রেফতার করা হয়। কিছুদিন পর তিনি জামিনে বেরিয়ে আসেন। সূত্র জানায়, শাহিদা খাতুন এখন তার ভাই সাইদুল ইসলামকে সঙ্গে নিয়ে ফের আন্ডারওয়ার্ল্ডে যোগাযোগ শুরু করেছেন।
র্যাব সূত্র জানায়, চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের শীর্ষ নেতা মুকুল ও তার বাহিনীর টার্গেট কিলিংয়ে বিভিন্ন সময়ে আরও হত্যাকাণ্ডের শিকার হন রাজনৈতিক দলের নেতাসহ নানা শ্রেণী-পেশার মানুষ। এদের মধ্যে আছেন কুষ্টিয়ার জগন্নাথপুর গ্রামে রাশিদুল চেয়ারম্যান, থানা পাড়ার ঠিকাদার হাবিবুর রহমান হাবিব, ভিপি শহীদ, নান্নু, ইদ্রিশ আলী, রাতুলপাড়ার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী বকুল সওদাগর, ভাদালিয়ার সাবেক ইউপি মেম্বার এলাহি খন্দকার, ব্যবসায়ী বাদশা মিয়া ও আলী হোসেন, জিয়া, তোতা, রাহুল, আমবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনসার আলী ভুট্টো, কোর্টপাড়ার জাসদ নেতা জামাই বাবু, নাটোর লালপুরের সাবেক সংসদ সদস্য মোমতাজ হোসেন, আওয়ামী লীগ নেতা গামা। গামাকে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করা হয়। খুন হন ঝিনাইদহের ঠিকাদার নাসির ও খালিশপুরের কলেজছাত্র আরিফুর রহমান আরিফ, শৈলগাড়িয়া গ্রামের রফিকুল মেম্বার ও আদিল, দূর্বাচরা গ্রামের মুকতার হোসেন মিলন, কাতুলিয়া গ্রামের ব্যবসায়ী মাহবুবুল, কুমারখালীর ঠিকাদার আবদুল লতিফ, সদর থানার ব্যবসায়ী আনারুল হক শিপন, চার মাইল গ্রামের শাহ আলম, হাউজিং এলাকার জামায়াত নেতা ও পরিবহন ব্যবসায়ী দুলাল, দর্শনার ব্যবসায়ী সাইফুল ইসলাম, সাগরপুরের বাসিন্দা সোহেল, নোয়াপাড়ার আওয়ামী লীগ নেতা রমজান ও শহীদুল ইসলাম, খোকসার বাসিন্দা গণেশ বিশ্বাস, খালিশপুরের আক্তার হোসেন ও সাফি, লাহিনি পাড়ার রফিকুল ইসলাম, ভেড়ামারার মেহেরুল কন্ট্রাকটর এবং ওসমানপুরের আবু খন্দকার মুকুল বাহিনীর নির্মম শিকারে পরিণত হন।
এ ছাড়া বোরিয়া গ্রামের সাংবাদিক জাফরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা টিপে হত্যা করা হয়। দৌলতপুরের ফিলিপ নগরে পরিত্যক্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। আড়–য়াপাড়ার ব্যবসায়ী হেলাল উদ্দীন মদনকে সন্ধ্যার সময় গুলি করে মুকুল বাহিনীর সদস্যরা। হাসপাতালে নেয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। গাংনির চৌকস পুলিশ কর্মকর্তা ইলিয়াস হোসেন মুকুল বাহিনীর হাত থেকে রেহাই পাননি। একই জেলার লক্ষ্মীপুরের ব্যবসায়ী রানাকে হত্যার পর লাশ ২০ টুকরা করে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়া হয়।
র্যাবের গোয়েন্দা শাখার একজন উচ্চপদস্থ কর্মকর্তা যুগান্তরকে বলেন, মুকুল বাহিনীর কাছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে। এর মধ্যে মুকুল নিজে অত্যাধুনিক একে-৪৭ সেভেন রাইফেল ব্যবহার করেন। নেপালে পলাতক থাকলেও সেখানে তিনি আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন। মুকুলের অস্ত্রের জোগান আসে ভারত ও মিয়ানমার সীমান্ত এলাকা থেকে।
প্রসঙ্গত, ২০০৪ সালে কুষ্টিয়া জুড়ে র্যাব যখন কম্বিং অপারেশন করে তখন মুকুল বাহিনীর হাতে থাকা অস্ত্রের একটি বড় অংশ জব্দ করা হয়। কিন্তু বর্তমান রাজনৈতিক স্থবিরতার সুযোগে মুকুলের সহযোগীরা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশেষ করে মুকুলের প্রধান সহযোগী বাবু ওরফে তারা বাবু, কালু, জনি ওরফে কিলার জয়, বাদশা ওরফে ডাইল বাদশা, স্বপন ওরফে ভাগ্নে স্বপন, ভাদালিয়া স্বস্তিপুরের আলীম ও তারা বাবুর মেজ ভাই গণমুক্তিফৌজের সাবেক সামরিক প্রধান সৈয়দ নুরুজ্জামান ওরফে সুরুজের সন্ত্রাসী তৎপরতা বেড়ে গেছে।
বিশেষ করে মুকুলের নামে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যবসায়ীদের কাছে মোটা অংকের চাঁদা চাওয়া হচ্ছে। কুষ্টিয়ার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গিয়ে চরমপন্থী নেতা কালু এবং তারাবাবুর লোকজন সরাসরি চাঁদা দাবি করছে। চাঁদা চাওয়ার সময় তারা বলে, ‘ম্যান’কে (মুকুল) কাজের পাঁচ পার্সেন্ট দিতে হবে। মুকুলের ক্যাশিয়ার হিসেবে পরিচিত নাসির মোল্ল্যা ও জিল্লুকে প্রকাশ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যাতায়াত করতে দেখা যাচ্ছে। মুকুলের ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের নামে বিভিন্ন ঠিকাদারি কাজ দিতে হুমকি দিচ্ছে জিল্লু একরাম ও কালু। স্থানীয় পুলিশ প্রশাসন বলছে, শিক্ষা ভবন, সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশলের কর্মকর্তারা চাঁদাবাজির কারণে অনেকটাই অসহায় হয়ে পড়েছেন।




















































