
কুমিল্লায় ঘটেছে চাঞ্চল্যকর এক অপহরণের ঘটনা। স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী চক্র প্রবাসী মোঃ ফয়সাল রায়ানের নয় বছর বয়সী ছেলে ওয়াহিদ বিন ফয়সালকে স্কুল থেকে বাসায় ফেরার পথে গত ১২ জুন অপহরণ করে নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত সন্তান বাড়ি না ফেরায় মা তামান্না নাজনীন দিশেহারা হয়ে পড়েন এবং রাতেই কুমিল্লা কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু পরদিন সকালে এক অজ্ঞাত নম্বর থেকে ভয়ঙ্কর হুমকিসহ ফোন আসে তার মোবাইলে।
অপরাধীরা জানায়— “তোমার ছেলেকে আমরা কিডন্যাপ করেছি। পুলিশকে জানালে তাকে হত্যা করা হবে।” অপহরণকারীরা প্রথমে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আতঙ্কিত মা কাঁদতে কাঁদতে জানিয়ে দেন, এত অর্থ জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। দীর্ঘ অনুনয়ের পর তারা ২০ লাখ টাকা রাজি হয়। নিরুপায় হয়ে তিনি কষ্টে ১০ লাখ টাকা জোগাড় করে দেন। কিন্তু এখানেই থেমে থাকেনি সন্ত্রাসীরা।
তারা আরও জানায়— “তোর স্বামী কানাডায় থাকে। আমাদের কাছে সব তথ্য আছে। তার নামে যে জমিজমা আছে সেগুলোর দলিল এখনই আমাদের দিতে হবে। দলিল না দিলে আবার তোমার ছেলেকে কিডন্যাপ করব, এবার আর বেঁচে ফিরবে না। আর যদি কোনো দিন তোমার স্বামীকে বাংলাদেশের যে প্রান্তেই পাই, সেদিনই তাকে মেরে ফেলব।”
অভিযোগ রয়েছে, অপহরণের ভয় দেখিয়ে চক্রটি জোরপূর্বক পরিবারটির জমিজমা দখল করে নেয়। শুধু তাই নয়, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে—এটি তাদের “চূড়ান্ত সতর্কবার্তা”; ভবিষ্যতে প্রবাসী ফয়সাল রায়ান দেশে ফিরলে প্রাণে বাঁচবেন না।
এই ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। আতঙ্কে সন্তানের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। মা তামান্না নাজনীন কান্নাজড়িত কণ্ঠে বলেন—
“আমি শুধু আমার ছেলেকে সুস্থভাবে ফিরে পেয়েছি, কিন্তু প্রতিদিন ভাবি আবার কবে আমাদের ঘরে মৃত্যু নামবে।”
ভয়ে কাঁপা কণ্ঠে তিনি আরও জানান, তিনি অপহরণকারীদের চেনেন, তবে পরিবারের নিরাপত্তার কথা ভেবে তাদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

















































