বৃহস্পতিবার,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যহানির অভিযোগে বিতর্কে কুকসু দাবিকারীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৭.২০২৫

জান্নাতুল ফেরদৌস প্রীতি, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) পুনঃগঠনের দাবিতে প্রধান ফটকের দেয়ালে রঙ স্প্রে করে লেখালেখি করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিভিন্ন স্থানে কালো ও নীল রঙে ‘কুকসু চাই’ লিখে দেয়ালচিত্র আঁকেন।

ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ের নামে এমন কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে।

আইন বিভাগের শিক্ষার্থী মো. সালমান হোসেন বলেন, “কুকসু চাওয়া আমাদের অধিকার, তবে এর জন্য ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করা কখনোই গ্রহণযোগ্য নয়। যারা এমন কাজ করেছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনের উচিত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।”

গণিত বিভাগের শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মো. হান্নান রহিম বলেন, “দেয়াল নষ্ট করে কুকসুর মতো যৌক্তিক দাবিও প্রশ্নবিদ্ধ হয়। এই কাজটি খুবই দুর্ভাগ্যজনক। বিশ্ববিদ্যালয়ের গেট হলো পুরো ক্যাম্পাসের মুখ। প্রশাসনের উচিত দায়ীদের জবাবদিহির আওতায় আনা।”

এদিকে ঘটনার দায় স্বীকার করে সংশ্লিষ্ট একজন শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, “আমরা বুঝতে পারিনি এটি এতটা নেতিবাচক প্রভাব ফেলবে। কাজটি অনভিপ্রেত হয়েছে। আমরা চেষ্টা করবো এটি সরিয়ে আগের সৌন্দর্য ফিরিয়ে আনতে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “ঘটনাটি শৃঙ্খলা ভঙ্গের পর্যায়ে পড়ে। আমরা জড়িতদের শনাক্ত করছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে লেখাগুলো মুছে ফেলার কাজ শুরু হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠান কেবল জ্ঞানের কেন্দ্র নয়, সৌন্দর্যও এর একটি গুরুত্বপূর্ণ দিক। যৌক্তিক দাবি আদায়ের ক্ষেত্রে সংযম ও সচেতনতার প্রয়োজন রয়েছে, যাতে তা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করে। প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদেরও উচিত দায়িত্বশীল আচরণ করা এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি