রবিবার,১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে যে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০২৫

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে যে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশে অস্থির পরিস্থিতি তৈরি হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পালিয়ে যান। পরবর্তীতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধের দায়ে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিষয়টি নিয়ে এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায় তাদের ‘নজরে এসেছে’।

বিবৃতিতে বলা হয়, ভারতের নিকটতম প্রতিবেশী বাংলাদেশ—এবং দেশটির জনগণের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণমূলক রাজনীতি ও স্থিতিশীলতাকে ভারত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে।

এ অঞ্চলের দীর্ঘদিনের অভিন্ন ইতিহাস ও দুই দেশের সম্পর্কের কথা উল্লেখ করে ভারত আরও জানায়, বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে তারা সবসময় গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যাশা করে।

বিবৃতির শেষাংশে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক না কেন, দেশটির সব স্টেকহোল্ডারের সঙ্গে ইতিবাচক ও কার্যকর যোগাযোগ বজায় রাখাই ভারতের লক্ষ্য—যাতে বাংলাদেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি