
স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ হলো প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা। একদিন পরেই ভোট গ্রহনের সকল প্রস্তুতি চলছে। এবার কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্কতায় রয়েছে প্রশাসন। এ আসনে ১৪৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এরমধ্যে অতিমাত্রায় ঝুকিপূর্ণ ৩৩টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে । এই আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের লড়াই হবে বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন(ধানের শীষ) ও ১১ দলীয় জোটের প্রার্থী মনিরুজ্জামান বাহলুল(দাঁড়িপাল্লা) এর মধ্যে।
অন্য প্রার্থীরা হলেন, আবু জায়েদ আল মাহমুদ স্বতন্ত্র (কলস), ইসলামি আন্দোলনের বশির আহমেদ ( হাত পাখা), বাংলাদেশ জাসদের বড়ুয়া মনোজীত ধীমন( মোটরগাড়ি), বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আবুল কালাম (হাতি), এবি পার্টির শফিউল বাসার (ঈগল), জাতীয় পার্টির সৈয়দ ইফতেখার হাসান(লাঙ্গল)।
জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানাযায়, দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-১ সংসদীয় আসন। দাউদকান্দি উপজেলার ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১০৭টি ভোট কেন্দ্র। এখানে অস্থায়ী ৪৯টিসহ মোট ভোট কক্ষ রয়েছে- ৬৮৮টি। এ উপজেলায় সর্বমোট ভোটার তিন লাখ ২৪ হাজার ৫৩৫ জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৫ হাজার ৮৮১ জন এবং মহিলা ভোটার এক লাখ আটান্ন হাজার ৬৫৪ জন।
মেঘনা উপজেলার ৮টি ইউনিয়নে ৩৮টি ভোট কেন্দ্রে অস্থায়ী ২৯টিসহ ২২৩টি ভোট কক্ষ রয়েছে। এ উপজেলায় সর্বমোট ভোটার- ১ লাখ ১২ হাজার ৩৩৫ জন এর মধ্যে পুরুষ ভোটার সাতান্ন হাজার ৬১৩ জন এবং মহিলা ভোটার চুয়ান্ন হাজার ৭২২ জন।দাউদকান্দি ও মেঘনা উপজেলায় ৬৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত করা হয়েছে।
মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার জানান, শতভাগ সিসি ক্যামেরার আওতায় মোট ৩৮টি কেন্দ্রের মধ্যে ১৮ ঝুঁকিপূর্ণ। নদীবেষ্টিত চালিভাঙ্গা ইউনিয়নের চারটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের পাশাপাশি সেনাবাহিনীর একটি দল দায়িত্ব পালন করবে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, শান্তিপূর্ণ ভোট গ্রহন নিশ্চিত করতে সবগুলো ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উপজেলার সব ভোটকেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

















































