বৃহস্পতিবার,১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » ​আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে চাঁদাবাজি ও ভুয়া ওয়ারেন্টে কুমিল্লায় সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে নালিশী মামলা দায়ের ও পুলিশী তদন্ত


​আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে চাঁদাবাজি ও ভুয়া ওয়ারেন্টে কুমিল্লায় সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে নালিশী মামলা দায়ের ও পুলিশী তদন্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০২৬


মোঃ ইয়াছিন মিয়া:

​কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ভুয়া ওয়ারেন্ট ও জাল কাগজপত্রের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। আদালত ও প্রশাসনের নাম অপব্যবহার করে সুপরিকল্পিতভাবে সাধারণ মানুষকে আইনি জালে ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল এই চক্রের মূল কাজ।

​অভিযোগ সূত্রে জানা গেছে, চক্রটি “মওদুদ” নামের একটি পরিচয় ব্যবহার করে কোনো প্রকার তদন্ত বা আইনি প্রক্রিয়া ছাড়াই সাধারণ মানুষকে ভুয়া মামলার ওয়ারেন্ট দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন।

নিজেদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দাবি করে সাদা কাগজে তৈরি করা এসব জাল নথির মাধ্যমে তারা ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। এর ফলে সাধারণ মানুষ চরম আর্থিক ও সামাজিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন।

​এই জালিয়াতির প্রতিকার চেয়ে এবং সঠিক তথ্য উপাত্ত তুলে ধরে বাংলা নিউজ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এবং জেলা প্রশাসকের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

​অভিযোগের গুরুত্ব বিবেচনা করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশে সেকেন্ড অফিসার (অপারেশন) ও সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা সরেজমিনে অভিযোগটি আমলে নিয়ে তদন্ত কাজ শুরু করেন।

তদন্তের অংশ হিসেবে আদালতের বালাম বহি ও সংশ্লিষ্ট ডকুমেন্ট যাচাই করা হয়। প্রাথমিক যাচাইয়ে দেখা যায়, “মওদুদ” নাম ব্যবহার করে উপস্থাপিত মামলার কাগজপত্র ও ওয়ারেন্টগুলো সম্পূর্ণ ভুয়া এবং জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে।

​কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যে জালিয়াতির সম্পূর্ণ প্রমাণ মিলেছে। এই চক্রের সাথে জড়িত প্রতিটি সদস্যকে চিহ্নিত করার কাজ চলছে। তদন্ত শেষ হলে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

​প্রতারক চক্রের এমন অপতৎপরতা রুখতে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কোনো ওয়ারেন্ট বা অভিযান দেখলে নিকটস্থ থানাকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি