ডেস্ক রিপোর্টঃ
বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-কে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়।
ঢাকা মহানগর জামায়াতে ইসলামী-এর উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জনগণের রায় পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে এমন অভিযোগ তুলে সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানের শাস্তি দাবি করেন।
দলীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ মার্চ) সৈয়দা রিজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামায়াত সংবাদ সম্মেলন করে তাদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিকে আরও জোরালো করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনে জনমতের প্রতিফলন বাধাগ্রস্ত করার অভিযোগে এই দুই ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বায়তুল মোকাররম ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

























































