বৃহস্পতিবার,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করলেন ডা. শফিকুর রহমান


রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করলেন ডা. শফিকুর রহমান


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৩.২০২৬

ডেস্ক রিপোর্টঃ

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির ভাষণ না দেওয়ার জন্য তারা আগে থেকেই সরকার ও স্পিকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করা হয়েছে বলেই তারা প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ শুরু হওয়ার পর বিরোধী জোটের সংসদ সদস্যরা বিক্ষোভ ও স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, তারা বারবার রাষ্ট্রপতির নীতিগত বৈধতা প্রত্যাখ্যান করেছেন এবং গত দেড় বছর ধরে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে আসছেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সরকারি দলকে এবং স্পিকারকে অনুরোধ করেছিলাম যেন রাষ্ট্রপতিকে ভাষণ দিতে না দেওয়া হয়। কিন্তু তারা আমাদের কথা গ্রাহ্য করেননি। তাই আমরা ক্ষুব্ধ হয়ে সংসদ থেকে বের হয়ে এসেছি। ভবিষ্যতেও সংসদে কোনো অন্যায় মেনে নেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “এই সংসদ কারও একার নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের সংসদ। আমরা জনগণের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য লড়াই করতে এসেছি।”

জনগণের উদ্দেশে তিনি বলেন, তারা জনগণের রায়কে সম্মান করেন এবং জনগণের পাশে থেকে তাদের অধিকার রক্ষার আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে ১১ দলীয় নির্বাচনি জোটের সংসদ সদস্যরা অধিবেশনে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন ও বিক্ষোভ করেন। এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

পরে রাষ্ট্রপতির ভাষণ শুরু হলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জামায়াতের সংসদ সদস্য এবং এনসিপির সংসদ সদস্যরা স্লোগান দিতে দিতে সংসদ কক্ষ ত্যাগ করেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি