প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উপযুক্ত শিক্ষাই একটি মেয়েকে সামাজিক, মানসিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি যে কোনো ধরনের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জোগাতে পারে।’ সূত্র : বাসস।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার সকালে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০১৪ উপলক্ষে আয়োজিত ‘নারী ও কন্যাশিশুদের স্বাক্ষরতা ও শিক্ষা : টেকসই উন্নয়নের ভিত্তি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন। জাতিসংঘ মহাসচিবের গ্লোবাল অ্যাডুকেশন ফার্স্ট ইনিসিয়েটিভ (জিইএফআই) এর সহায়তায় বাংলাদেশ সরকার ও ইউনেস্কো এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকার চায় ছেলে ও মেয়েরা নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির আলো-হাওয়ায় বেড়ে উঠুক।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এই শিশুরা নিজেদের মেধা ও দক্ষতা দিয়ে বিশ্বজুড়ে তাদের সমসাময়িক প্রজন্মের সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যাবে।’
তিনি বলেন, ‘২০১৫-পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে আমরা আমাদের রূপকল্প-২০৪১ এর ভিত্তিতে একটি উন্নত, সুশিক্ষিত ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের সোপান রচনায় দৃঢ়প্রতিজ্ঞ। এই কর্মযজ্ঞে নারী ও মেয়ে শিশুরা সব সময়ই আমাদের বিবেচনার অগ্রভাগে থাকবে।’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা, কোরিয়ার রাষ্ট্রদূত লী ইয়াং-ইয়ং ও চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স কিউ ইউ গাংঝু অনুষ্ঠানে বক্তৃতা করেন। এতে স্বাগত বক্তৃতা করেন গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। মন্ত্রীবর্গ, সংসদ সদস্যরা, কূটনীতিক, শিক্ষাবিদ, বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অটিজম বিশেষজ্ঞ ও শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।
প্রধানমন্ত্রী নারী শিক্ষা ও স্বাক্ষরতাকে ২০১৫-পরবর্তী উন্নয়ন প্রস্তাবনায় টেকসই উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে চিহ্নিত করে এ বিষয়ে আন্তর্জাতিক ঐকমত্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
শেখ হাসিনা বলেন, ‘তার সরকার বিশ্বাস করে যে, ২০১৫ পরবর্তী উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা শিক্ষার গুণগত মান উন্নয়ন ও প্রতিটি শিক্ষার্থীকে যোগ্য বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গৃহীত উদ্যোগটি নারী ও কন্যা শিশুদের স্বাক্ষরতা ও শিক্ষার সার্বজনীন প্রসারে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘জিইএফআইর তৃতীয় স্তম্ভের আলোকে তার সরকারের পরিকল্পনার অন্যতম লক্ষ্য এ দেশের এই শিশুদের বাঙালিত্বের চর্চার মধ্য দিয়ে পরিপূর্ণ বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলা। এ ছাড়া সরকার ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১ লাখ ৪ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণ করেছে।’
এর আগে প্রধানমন্ত্রী গণশিক্ষায় বিশেষ সাফল্যের জন্য যুক্তরাষ্ট্র, স্পেন, দক্ষিণ কোরিয়া ও আলজেরিয়ার ৬ জনসহ ৭ প্রতিনিধির হাতে ইউনেস্কো সাক্ষরতা পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা মেয়ে শিশু ও নারী শিক্ষার উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘পিস ট্রি’ (শান্তির বৃক্ষ) স্মারক উপহার দেন। দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের ৩৬ দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন।


















































