ডেস্ক রিপোর্টঃ
ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে টানা ১৩ দিন ফিলিং স্টেশন চালু রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ঈদের দিনসহ আগের সাত দিন ও পরের পাঁচ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে হবে।
এ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে।
অন্যদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি থাকবে। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে।


















































