মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে চাকরির মেয়াদ বাড়ানোর জেরে স্বাস্থ্য সচিবের পর এবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব একেএম আমির হোসেন স্বেচ্ছা অবসরে গেলেন।
বৃহস্পতিবার বিকেলে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আব্দুল নাসের চৌধুরীর কাছে অবসরের চিঠি জমা দেন। এর আগে বেলা ১১টার দিকে স্বাস্থ্যসচিব মো. নিয়াজ উদ্দিন মিঞা স্বেচ্ছা অবসরের চিঠি দেন।
সূত্র জানায়, মো. নিয়াজ উদ্দিন মিঞা ও একেএম আমির হোসেনকে পদত্যাগ করতে বা স্বেচ্ছা অবসরে যাওয়া নির্দেশ দেয়া হয়েছিল। এদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে।
একই অভিযোগে সনদ বাতিল হওয়া অন্য দু’জনের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী গত ৩১ অক্টোবর অবসরে গেছেন। আর একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার বর্তমানে ওএসডি।
প্রসঙ্গত, স্বাস্থ্যসচিব মো. নিয়াজ উদ্দিন মিঞাসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে চাকরির মেয়াদ বাড়িয়েছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা না হয়েও মো. নিয়াজ উদ্দিন মিঞা মুক্তিযোদ্ধার সনদ নিয়ে অসদাচরণের অপরাধ করেছেন। এরপর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তার সনদ বাতিল করে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। তিনি গত সপ্তাহে এর জবাব দেন। কিন্তু বাকি যাদের সনদ ভুয়া প্রমাণিত হয়েছে, তাদের বিষয়ে কিছু জানা যায়নি।
মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. নিয়াজ উদ্দিন মিঞাসহ তিন সচিব ও এক যুগ্ম সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সুপারিশে ২২ সেপ্টেম্বর গেজেট বাতিল করে মন্ত্রণালয়। জামুকার বৈঠকে সনদ বাতিলের সিদ্ধান্ত হওয়ার নয় দিন পর মন্ত্রণালয় প্রজ্ঞাপন প্রকাশ করে।


















































