
চট্টগ্রাম অফিসঃ
ছাত্র রাজনীতির গৌরবময় ইতিহাস ঐতিহ্যকে ভুলে অনেকটাই নিষ্ক্রিয়ভাবে চলছে বন্দর নগরী চট্টগ্রামের ছাত্র রাজনীতি। মহানগর নেতৃবৃন্দের হস্তক্ষেপ, নিজ দলের বিদ্রোহী গ্রুপ, অভ্যন্তরীণ কোন্দল, দলীয় কর্মীদের কিছু বিতর্কিত কর্মকাণ্ড চট্টগ্রামের ছাত্র রাজনীতিকে করেছে কলুষিত।
যে ছাত্র রাজনীতি ছিল অন্যায়ের বিরুদ্ধে, ছাত্রদের কল্যাণে- সেই ছাত্র রাজনীতি তার গৌরবময় ইতিহাস ভুলে নোংরা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর ছাত্রনেতারা ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য থেকে দুরে সরে নিজেদের আখের গোছাতে ব্যস্ত।
ছাত্রলীগ
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরী শাখার ৮১ সদস্য বিশিষ্ট বর্তমান কমিটি ১১জুন, ২০১৪ সালে ঘোষণার পর চট্টগ্রাম নগরীতে ব্যাপক তা-ব চালায় বিদ্রোহী গ্রুপ। পরে কেন্দ্রের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও বর্তমানে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল, দলীয় নেতাকর্মীদের বিভিন্ন কর্মকা- ভাবিয়ে তুলছে হাইকমান্ডকে। সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে ছাত্রলীগ নেতা-কমীরা। অভ্যন্তরীণ কোন্দলে ঘটছে নিজ দলের কর্মীকে খুনের মত ঘটনা।
অভ্যন্তরীণ কোন্দলে গত ৪ নভেম্বর হালিশহরে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারায় ছাত্রলীগ কর্মী মাহমুদুর রহমান মান্না এবং গত ২২ নভেম্বর নগরীর পাঁচলাইশ থানার হামজার বাগে খুন হয় ছাত্রলীগ কর্মী নুরুল আলম রাজু। গত ১৫ নভেম্বর নগরীর আগ্রাবাদে একটি টেন্ডার নিয়ে প্রকাশ্যে অস্ত্রবাজির কারণে দল থেকে বহিস্কার হন মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। বিভিন্ন সময় দলীয় কর্মসূচী পালন করলেও ছাত্রকল্যাণ মূলক তেমন কর্মকাণ্ড নেই ছাত্রলীগের। আর এ কারণে ছাত্র রাজনীতির মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়েছে সংগঠনটি।
ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরী সভাপতি ইমরান হোসেন ইমু এ প্রসঙ্গে প্রতিবেদককে জানান, চট্টগ্রামে বিভিন্ন কলেজ কমিটি থাকলেও এখনো ওয়ার্ড ও থানা কমিটি গঠন করতে পারেননি। ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে যারা সস্ত্রাস ও টেন্ডারবাজি করে ছাত্রলীগ তাদের দায়িত্ব গ্রহণ করবে না। তথাকথিত ছাত্রলীগ নামধারী কিছু নেতাকর্মীর অপকর্মে তারা বিব্রত বলে জানান। নগর ছাত্রলীগের কার্যক্রমে নগর আওয়ামী লীগ নেতাদের কোন হস্তক্ষেপ নেই জানিয়ে তিনি জানান, ছাত্র রাজনীতি প্রকৃত ছাত্রদের হাতে তুলে দেওয়া হোক। ছাত্র রাজনীতিতে অছাত্রদের দাপট বন্ধ করতে পারলে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হবে বলে আমি মনে করি।
জাতীয়তাবাদী ছাত্রদল
কমিটি সংক্রান্ত জটিলতা, অভ্যন্তরীণ কোন্দল, মহানগর নেতৃবৃন্দের হস্তক্ষেপ ও জাতীয় রাজনীতিতে সরকার বিরোধী আন্দোলন ব্যর্থতার কারণে অনেকটা জিমিয়ে পড়ছে এক সময়ের বিএনপির ভ্যনগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরী। দীর্ঘদিন যাবত পূর্ণাঙ্গ মহানগর কমিটি, বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটি না থাকায় বলা যায় নিষ্ক্রিয় হয়ে পড়ছে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। এদের মাঝে বাড়ছে হতাশা ও ক্ষোভ। যার বহিঃপ্রকাশ ঘটছে বিভিন্ন সভা সমাবেশে। বিভিন্ন গ্রুপ ও উপ-গ্রুপে বিভক্ত হয়ে মাঝেমধ্যে জড়িয়ে পড়ছে সংঘর্ষে। সর্বশেষ গত ৯ নভেম্বর চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে কমিটি সংক্রান্ত বিরোধ নিয়ে হতাহাতিতে জড়িয়ে পডে বিবাদমান দু’টি গ্রুপ।
বিভিন্ন সুত্রে জানা যায়, দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কোন পূর্ণাঙ্গ কমিটি নেই। নেই কোন ওয়ার্ড, থানা বা কলেজ কমিটি। সর্বশেষ ২০১৩ সালের জুনে গাজী সিরাজকে সভাপতি ও বরকত উল্লাহ বুলুকে সেক্রেটারি করে ১১ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি ঘোষণা করা হলেও এ পর্যন্ত এক বছর পার হয়ে যাওয়ার পরও পূর্ণাঙ্গ মহানগর কমিটি গঠন করতে পারেননি বর্তমান নেতৃবৃন্দ। বর্তমান কমিটির বিরুদ্ধে রয়েছে কমিটি গঠনের জন্য কর্মীদের থেকে চাঁদা আদায়সহ নানা অনিয়মের অভিযোগ।
কমিটি গঠন নিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ বলেন, আমরা বর্তমান কমিটি চ্যালেঞ্জিং মুহূর্তে দায়িত্ব গ্রহণ করেছি। সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে পুলিশের হামলা-মামলা ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপি নেতৃবৃন্দের হস্তক্ষেপ তো রয়েছেই। এসব কারণে আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারিনি। তবে আমরা ১৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করেছি যা এই মাসে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হবে।
কমিটি গঠনের জন্য কর্মীদের থেকে চাঁদা আদায়ের বিষয়ে গাজী সিরাজ বলেন, কমিটিতে স্থান দেয়ার জন্য নয় বরং নগর ছাত্রদলের উন্নয়ন ফান্ডের জন্য আমি ৭০০ কর্মী থেকে ৫০০ টাকা করে সাড়ে ৩ লক্ষ টাকা নিয়েছি যা বর্তমানে প্রাইম ব্যাংকে জমা আছে।
তিনি দাবি করে বলেন, আগের চাইতে বর্তমান মহানগর ছাত্রদল অনেক বেশি সংগঠিত ও গতিশীল। আমরা ছাত্রদলকে গতিশীল করার জন্য সাংগঠনিক সপ্তাহ পালন করেছি। সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করেছি এবং ছাত্রদের মেধা বিকাশে একটি লাইব্রেরী গঠনসহ বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছি।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তি বলেন, আমরা চাই ছাত্রদল আরো বেশি এগিয়ে যাবে। ছাত্রদলের অগ্রগতির জন্য আমাদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি ছাত্রদলকে ক্যাম্পাস ভিত্তিক কার্যক্রম পরিচালনার আহবান জানান।
ছাত্রশিবির
জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবির সরকারের কঠোর দমন নীতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ কর্মী পর্যায়ে পুলিশি মামলা, গ্রেফতারের ভয় ও দীর্ঘদিন যাবত দলীয় কার্যালয় বন্ধ থাকায় অনেকেটা আত্মগোপনে থেকে পরিচালনা করছে সাংগঠনিক কার্যক্রম। নগরীতে শিবিরের বিরুদ্ধে মামলা রয়েছে ২৬০টি আর এই সব মামলায় আসামি প্রায় ৫ হাজার। বিভিন্ন সময় কেন্দ্রের কর্মসূচি বাস্তবায়নে মিছিল-মিটিং করলেও প্রশাসনের কঠোর মনোভাবের কারণে আগের মত সক্রিয় ভুমিকা রাখতে পারছেনা সংগঠনটি। যদিও কমিটি সংক্রান্ত কোন জটিলতা না থাকলেও জাতীয় রাজনীতিতে কোনঠাসা ছাত্রশিবিরের শক্ত অবস্থান রয়েছে চট্টগ্রামে। মহানগর থেকে শুরু করে ওয়ার্ড ও থানা পর্যায়ে তাদের রয়েছে পূর্ণাঙ্গ কমিটি।
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী (উত্তর) এর সভাপতি নুরুল আমিন জানান, আমাদের কমিটি সংক্রান্ত কোন জটিলতা নেই। চট্টগ্রামের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদের অধিকার আদায়ে আমাদের সহযোগিতা অতীতের ন্যায় এখনো অব্যাহত আছে। তিনি বলেন, হামলা মামলা নির্যাতন করে আমাদের এই আন্দোলনকে অতীতে কেউ বন্ধ করতে পারেনি বর্তমান সরকারও পারবেনা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্র রাজনীতি যদি প্রকৃত ছাত্রদের হাতে তুলে দেওয়া হয় তাহলে এটি ফিরে পাবে তার সোনালী অতীত।
ছাত্রশিবির চট্টগ্রাম নগর (দক্ষিণ) এর সভাপতি এম এইচ সোহেল বলেন, আমাদের উপর সরকারের অন্যায় আচরণের কারণে বিভিন্ন কৌশল অবলম্বন করে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের কম উপস্থিতি কৌশলের একটি অংশ। তিনি বলেন, আমাদের উপর সরকারের এত জুলুম নির্যাতনের মাঝেও আমরা বিভিন্ন ছাত্র কল্যাণমূলক কাজ অব্যাহত রেখেছি। যেমন ছাত্রদেরকে শিক্ষা উপকরণ, শিক্ষাবৃত্তি দিয়েছি। দেশ ও জাতির কল্যাণে আমরা বৃক্ষরোপন অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ, স্বাক্ষরতা অভিযানসহ অনেক কল্যাণমূলক কর্মকা- পরিচালনা করছি।
ছাত্র ইউনিয়ন
ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী এই বাম ছাত্র সংগঠনটির মহানগর শাখা নেই। মহানগর ও জেলা নিয়ে ১৩ সদস্য বিশিষ্ট জেলা শাখা রয়েছে। তবে নগরীর ওয়ার্ড ও থানা পর্যায়ে তেমন কোন কমিটি নেই। কিছু স্কুল-কলেজে কমিটি থাকলেও তেমন কোন তৎপরতা নেই। বিভিন্ন জাতীয় ও যুদ্ধাপরাধ ইস্যুতে মিছিল মিটিং করে থাকে। অবশ্য, তাতে উপস্থিতি থাকে অনেক কম।
ছাত্র ইউনিয়ন সভাপতি শিমুল কান্তি বলেন, ছাত্র ইউনিয়ন মূলত ছাত্রদের অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আন্দোলন করে। আমরা স্কুল কলেজে বর্ধিত ফি বাতিলের দাবিতে সব সময় আন্দোলন করে থাকি। এ ছাড়াও আমরা ছাত্রদের কল্যাণে অনেক কর্মসূচি পালন করে থাকি। তিনি বিদ্যমান লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানান।
























































