মিডিয়া রিপোর্টঃ
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পদ থেকে নিজের চাকরিচ্যুতির বিষয় নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক পীর হাবিবুর রহমান। তাতে তিনি একদিকে যেমন ক্ষোভ ঝেড়েছেন সরকারের উপর তেমনি তার চাকুরিচ্যুতির জন্য দায়ী করেছেন সরকারের এক দাম্ভিক মন্ত্রীকে। তারপর থেকেই মিডিয়াপাড়ায় গুঞ্জন শুরু হয়েছে সেই দাম্ভিক মন্ত্রী কে-তা নিয়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পীর হাবিবের একটি লেখা নিয়ে ঝামেলা চলছিল সরকারের প্রভাবশালী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে। যা নিয়ে গত এক সপ্তাহ ধরে নানা ঘটনা ঘটেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পীর হাবিবের ফেসবুক স্ট্যাটাস। যাতে বলা হয়েছে, ‘ছকে বাধা জীবনের পথ হাটা মানুষ আমি নই। কোন সরকারের কাছেই কোন সুবিধা নেইনি। একজন দাম্ভিক মন্ত্রীর হাত আমার চাকরি খাবার জন্য বড় হতে পারে। সরকারের ভিতর অদৃশ্য শক্তির ছায়ার প্রভাব পরতে পারে। কিন্তু আমি তাদের করুনাই করতে শিখেছি। আমি লড়তে জানি। আল্লাহর উপর অগাধ আস্থা আমার। আমি গরিবের ছেলে ভাই হলেও, চোরের ভাই ছেলে নই। আত্মমর্যাদা খুইয়ে একদিনও চলিনি।’
পীর হাবিবুর রহমানের ওই স্ট্যাটাসের পর থেকেই ঘুরে ফিরে এসেছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নাম। কারণ সাম্প্রতিক সময়ে পীর হাবিবের লেখায় তোফায়েল আহমেদ ছাড়া অন্য কোন মন্ত্রীকে আঘাত করেনি।
তবে এতে বিস্মিত হয়েছেন অনেকেই। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রলীগের সাবেক নেতা পীর হাবিবুর রহমানের সিংহভাগ লেখায় তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাকদের গুন-কীর্ত্তন থাকতো। তাহলে কী এমন ঘটনা ঘটেছে যে, এক দাম্ভিক মন্ত্রীর কারনে চাকুরি যাবে পীর হাবিবুর রহমানের।

























































