ডেস্ক রিপোর্টঃ
দলীয় প্রধানের নির্দেশনার পরও অবরোধ-হরতাল মোকাবিলায় মাঠে নামছে না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হলেও তা বাস্তবায়ন না করে তৃণমূলের অধিকাংশ নেতা-এমপি-মন্ত্রী গা-বাঁচিয়ে চলছেন। সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, এ কারণে মাঠপর্যায়ে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হচ্ছে না।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও এনিয়ে ক্ষুব্ধ। সে কারণেই এক সপ্তাহ সংসদ মুলতবি রেখে সংসদ সদস্যদের এলাকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তাতেও কোনো সুফল আসছে না। তাই সভানেত্রীর কার্যালয় থেকে বিষয়টি মনিটরিং করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দলের সিনিয়র নেতারা মনে করছেন, সাংগঠনিক দুর্বলতা আর অতিমাত্রায় প্রশাসননির্ভরতার কারণেই সরকার থেকে কঠোর পদক্ষেপ নেয়া হলেও সহিংস পরিস্থিতি মোকাবিলায় কাক্সিক্ষত সুফল মিলছে না।
এ বিষয়ে দলের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন, ‘শুধু সমন্বয়হীনতার কারণেই সারাদেশে বিএনপি-জামায়াতের রাজনীতির নামে ভয়ঙ্কর নিষ্ঠুরতার বিরুদ্ধে ফুঁসে ওঠা দেশের জনগণকে একত্রিত করতে পারছে না সরকার। অবরোধের নামে যে সহিংসা হচ্ছে, সেটি বাংলাদেশের কোনো মানুষই চায় না। কিন্তু কোথায় তারা প্রতিবাদ জানাবে। সেই নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছি আমরা।’
আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেন, সংসদীয় দলের সভায় সকল এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে জনগণকে সংগঠিত করার নির্দেশ দেয়া হলেও তা পালন করা হয়নি। সাত দিনের জন্য সংসদ অধিবেশন মুলতবি করা হলেও খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের অধিকাংশ এমপি-মন্ত্রীই অবস্থান করছেন ঢাকায়, এলাকায় যাননি।
তৃণমূলের নেতাকর্মীদের এ নিয়ে ক্ষোভ রয়েছে। তৃণমূল নেতাদের অভিযোগ, প্রধানমন্ত্রীর নির্দেশের পরপরই এমপি-মন্ত্রী ও জেলার নেতারা যদি মাঠে নামতেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিকভাবে নাশকতা-সহিংসতা দমন করা যেত। এটা করা গেলে সন্ত্রাসীরা দেশের কোথাও এভাবে চোরাগোপ্তা হামলা করতে পারত না।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে সহিংস পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে। আমার জানা মতে, অধিকাংশ সংসদ সদস্যই এলাকায় গিয়ে কাজ শুরু করেছেন।




















































