ডেস্ক রিপোর্টঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নজরবন্দি। তিনি সরকার ও গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে যাতে কোনো কিছুই করতে না পারেন, কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে না পারেন, আন্দোলনের নির্দেশনা দিতে না পারেন, সেজন্য তাকে নজরবন্দি করে রেখেছে সরকার। এটা তিনি আন্দোলন কর্মসূচি প্রত্যাহার না করা পর্যন্ত থাকবে।
সূত্র জানায়, খালেদা জিয়া যাতে আন্দোলনে থাকা নেতা কর্মীদের সঙ্গে কোন কথা বলতে না পারেন সেই জন্য মোবাইল ফোন, ইন্টারনেটসহ সব ধরনের ডিজিটাল যোগাযোগের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও তা বন্ধ রয়েছে। এটা অপাতত খুলে দেওয়ার কিংবা পুন:স্থাপন করার কোনো পরিকল্পনা সরকারের নেই। সেই সঙ্গে তার অফিসের ক্যাবল টিভি নেটওয়ার্কের সংযোগও বন্ধ রয়েছে, সেটাও খুলে দিতে চাইছে না সরকার। এই কারণে তার অফিসে এখন বিটিভি ছাড়া অন্য কোন টেলিভিশন চ্যানেল দেখার কোন সুযোগ রাখা হয়নি। সব ধরনের যোগাযোগ বন্ধ করার জন্য তার অফিসের ভেতরে যাতে তিনি বিকল্প কোন উপায়ে কিংবা অন্য কোন ধরনের নেটওয়ার্ক না পান সেই জন্য সেখানে জ্যামারও লাগানো হয়েছে। এতে করে নেটওয়ার্ক পাচ্ছে না। এই কারণে সেখানে কোন সংযোগ মিলছে না। যদিও তার কোন কোন কর্মকর্তা দাবি করেছেন তার অফিসে টেলিটকের মোবাইল ফোনের নেটওয়ার্ক পাচ্ছেন। অল্প বিস্তর কথা বলতে পারছেন। তবে ইন্টারনেট পাচ্ছেন না। সরকার সেটাও বন্ধ করে দেওয়ার জন্য বিটিআরসিকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন।
এদিকে সূত্র জানায়, তার অফিসে অন্যান্য ইন্টারনেট সুবিধার কোন একটি কাজ করে কিনা তা দেখার চেষ্টা করা হয়। তবে সেটাও যাতে কাজ না করে তাও বন্ধ করা হয়েছে। এই জন্য তিনি কোন যোগাযোগ সুবিধা পাচ্ছেন না। তাই ঠিক করেছিলেন তার সঙ্গে যারা দেখা করতে আসবেন তাদের মাধ্যমে যোগাযোগ রাখবেন মাঠের নেতাদের সঙ্গে। কয়েকদিন সেটাও করেছেন। এখন তার বাসায় যারা যাচ্ছেন তার উপর নজরদারী করা হচ্ছে। নামও তালিকাভুক্ত করে রাখা হচ্ছে। এই কারণে অন্য নেতারা যাচ্ছেন না।
সূত্র জানায়, এরপরও যারা ভেতরে যাচ্ছেন তাদের কেউ কেউ বাইরে আসার পর বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছেন। তাদের সঙ্গে কারা যোগাযোগ করছেন কিংবা তারা কাদের সঙ্গে দেখা করছেন ও যোগাযোগ করছেন সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সরকার তার যোগাযোগের পুরো নেটওয়ার্ক চিহ্নিত করে সেটা মনিটরিং করছেন। নজরদারীতে রেখেছেন।
সূত্র জানায়, খালেদার সঙ্গে তার পরিবারের যে সব সদস্য দেখা করছেন তারাও নজরদারীর বাইরে নয়। এই কারণে এটাও বের করার চেষ্টা হচ্ছে তাদের সঙ্গে কে কে যোগাযোগ করছেন। কারা কারা যোগাযোগ করছেন। আর সেটা করার পর ওই সব ব্যক্তিদের মধ্যে যারা আন্দোলনের জন্য কাজ করছেন মনে হচ্ছে তাদের গতিবিধিও নজরদারিতে রাখা হচ্ছে। পাশাপাশি ওই সব ব্যক্তির মোবাইল ফোন ও ল্যান্ড ফোনও মনিটরিং করা হচ্ছে।
বেগম খালেদা জিয়ার বাসায় যাতায়াত করেন এমন একটি সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের অফিসের সামনেই পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকেরা রয়েছে। তারা নজরে রাখছেন সেখানে কে আসছেন না আসছেন। গেটে আসা মাত্র জিজ্ঞেস করা হচ্ছে তার পরিচয়। ফোন নম্বর ও ঠিকানা। এরপর সেটা জেনে লিখে রাখা হচ্ছে। আর কেউ যদি তার পরিচয় দিতে না চান তখন তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে বেগম খালেদা জিয়ার পরিবারেরর সদস্যরা এই পরিচয় জানাতে রাজি নন। তারা মনে করেন তাদেরকেই চিনতে হবে পুলিশকে নাহলে তারা নাম বলবেন না। আর পুলিশ বাঁধা দিলে সেই বাঁধা উপেক্ষা করেই ভেতরে যাবেন।
সরকারের একটি সূত্র জানায়, বেগম খালেদা জিয়া অফিসে বসে আছেন। তিনি সেখানে বসে বসে দেশে আন্দোলন করছেন। মানুষ মারছেন ক্ষমতায় যাওয়ার জন্য । এই ভাবে চলতে পারে না। এই কারণেই তাকে সব দিক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যাতে করে তিনি সব খবর বাইরে দিতে না পারেন। আর ভেতরে কে কে যাচ্ছেন তাদেরকেও নজরে রাখতে হবে না হলে তারাও খালেদা জিয়ার নিরাপত্তার জন্য হুমকি হতে পারেন। এছাড়াও তারাই যে খালেদা জিয়ার কাছ থেকে নির্দেশনা পেয়ে তা দিচ্ছেন না সেই নিশ্চয়তা কোথায়। সব মিলিয়ে তার উপর নজর রাখা হচ্ছে।
সরকারের একজন মন্ত্রী বলেন, খালেদা জিয়া মনে করছেন তিনি মানুষ মেরে ক্ষমতায় চলে যাবেন। সেটা হবে না। সরকার তার এই লক্ষ্য কোন ভাবেই পূরণ হতে দিবে না। সেই জন্য সব ধরনের নজরদারি রাখা হয়েছে। তবে তিনিতো আর বন্দী নন। অবরুদ্ধ নন। বাসায় যে কোন সময়ে চাইলেই যেতে পারেন। কিন্তু সেটা করছেন না। এতে বোঝা যায় তারও ভিন্ন উদ্দেশ্য রয়েছে। সেই সব দিক বিবেচনা করেই সরকার জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য , আন্দোলন থেকে বিএনপিকে সরিয়ে এনে দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এখন তিনি কি করছেন না করছেন সেটাও মনিটরিং করা হচ্ছে।
তাকে কি গ্রেপ্তার করা হবে, এই ব্যাপারে মন্ত্রী বলেন, আপাতত নজরে রেখেই কাজ হচ্ছে। কিন্তু যখন দেখা যাবে তাতে আর কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে তার ব্যাপারে সরকার আরো কঠোর হবে ও ব্যবস্থা নিবে। তবে এই ব্যাপারে আইনীদিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। তাকে গ্রেপ্তার করা হলে অনেক বেশি হৈ চৈ হবে। সেই সঙ্গে বিএনপি এটাকে নিয়ে পরিস্থিতি খারাপ করবে। সেটা করতে ও পরিস্থিতি খারাপ করতে দেওয়া হবে না। সরকার তার ব্যাপারে আরো কঠোর হবে।




















































