ডেস্ক রিপোর্টঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের আশপাশে মুঠোফোনের নেটওয়ার্কের জটিলতার কারণে টেলিফোন যোগাযোগ ও ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সমস্যায় পড়েছে জাপান, স্পেন ও নেদারল্যান্ডস দূতাবাস। গত ৩১ জানুয়ারি খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের মুঠোফোন নেটওয়ার্ক বন্ধ করা হয়। গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে অবস্থিত ওই কার্যালয়ের নেটওয়ার্ক বন্ধ হওয়ার পর থেকে আশপাশের এলাকায় মুঠোফোনে যোগাযোগ ও ইন্টারনেট ব্যবহারে লোকজন সমস্যার মুখে পড়েছেন।
এদিন থেকেই যোগাযোগে মারাত্মক সংকটে পড়ে তিনটি দূতাবাস। বিষয়টিকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা সুরাহার জন্য দূতাবাসগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে। কিন্তু ১০ দিনেও পরিস্থিতির পরিবর্তন বা উন্নতি হয়নি।
৩৪ দিন ধরে খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। বাংলাদেশের রাজনৈতিক সংকটের কারণে বিদেশের কোনো দূতাবাস ভুগতে পারে না বলে মন্তব্য করেন একাধিক কূটনীতিবিদ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাপান, নেদারল্যান্ডস ও স্পেন দূতাবাস মুঠোফোনের নেটওয়ার্ক সমস্যার কারণে টেলিফোন ও ইন্টারনেট ব্যবহারে অসুবিধার বিষয়টি মন্ত্রণালয়কে জানায়। এর মধ্যে জাপান মৌখিকভাবে এবং নেদারল্যান্ডস ও স্পেন লিখিতভাবে নিরবচ্ছিন মুঠোফোন ও ইন্টারনেটের যোগাযোগ নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে।
তিন দূতাবাসের অনুরোধের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) জানিয়েছে।
সূত্র জানায়, দেশের শীর্ষস্থানীয় মুঠোফোন অপারেটর গ্রামীণফোন সমস্যার বিষয়টি জানিয়ে গত সপ্তাহে বিটিআরসিকে চিঠি দিয়েছে। বিষয়টি সুরাহার জন্য দুপুরে বিটিআরসির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, নেটওয়ার্ক সমস্যার সমাধান হয়নি। তবে এ ব্যাপারে কোনো কর্মকর্তা কোট করে মন্তব্য করতে রাজি নন। তবে নেটওয়ার্ক সমস্যা নিয়ে তিন দূতাবাসের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসির সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা।




















































