পূর্বাশা ডেস্কঃ
দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলছে। মাঝেমধ্যে আবার ডাকা হচ্ছে হরতালও। রাজনৈতিক এসব কর্মসূচির নামে দেশজুড়ে চালানো হচ্ছে সহিংসতা-নাশকতা। যানবাহনে চোরাগোপ্তা পেট্রলবোমা হামলা এবং অগ্নিসংযোগ করে নিরীহ সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। পুড়িয়ে দেয়া হচ্ছে শত শত যানবাহন। এতসব নাশকতা-সহিংসতা দমনে স্বাভাবিক কারণেই বেগ পেতে হচ্ছে আইনশৃক্সখলা বাহিনীকে। দিনরাত পথেঘাটে ডিউটি, যানবাহন, অস্ত্র-গুলিসহ নানা সরঞ্জাম নিয়ে নাশকতার মোকাবিলা করতে হচ্ছে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের। এসব করতে গিয়ে খরচও বেড়ে যাচ্ছে আইনশৃক্সখলা বাহিনীর। তাই এবার নাশকতা দমনে সরকারের কাছে তারাও বাড়তি অর্থ দাবি করছে। পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পক্ষ থেকে প্রায় ১১১ কোটি টাকা চাওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের কাছে। রোববার আনসার বাহিনীর জন্য ২৩ কোটি টাকা ছাড় করা হয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশ, র্যাব ও আনসারসহ আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বর্তমানে বাড়তি দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালন করতে গিয়ে নানা যৌক্তিক কারণে খরচ বেড়েছে। সেজন্য ওই অর্থ চাওয়া হয়েছে। এটা রুটিন ওয়ার্ক। অর্থ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ও জানিয়েছেন, নাশকতা দমনে সম্ভাব্য ব্যয়ের জন্য পুলিশের পক্ষ থেকে এক মাসের খরচের জন্য চাওয়া হয়েছে ৮৩ কোটি এবং র্যাবের পক্ষ থেকে ৪ কোটি ৮০ লাখ টাকা। এছাড়া আনসার বাহিনী এক মাসের জন্য চেয়েছিল ২৬ কোটি টাকা। পরে ৪৫ দিনের জন্য অর্থ মন্ত্রণালয় তাদের ২৩ কোটি টাকা ছাড় করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন এ তিন বাহিনী টাকা চাওয়ার বিষয়ে তাদের আধাসরকারি চিঠিতে (ডিও লেটার) যেসব কারণ উল্লেখ করেছে তা হচ্ছেথ নাশকতা ঠেকাতে অতিরিক্ত ডিউটি পালন। চোরাগোপ্তা হামলায় হতাহতদের চিকিৎসা বা আনুষঙ্গিক খরচ। আইনশৃঙ্খলার দায়িত্ব পালনকারী প্রত্যেক সদস্যের ঝুঁকিভাতা, অস্ত্র-গুলি খরচ, যানবাহনসহ নানা বিষয়ের বাড়তি খরচ। এ অবস্থায় সংশ্লিষ্ট বাহিনীর বার্ষিক যে বাজেট রয়েছে তা দিয়ে চলমান সহিংসতা ঠেকানোর ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে তারা। অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, নাশকতা ঠেকাতে সারা দেশে আইনশৃক্সখলা বাহিনী কঠোর পরিশ্রম করছে। জানমালের নিরাপত্তা দিচ্ছে। বিষয়গুলো বিবেচনায় নিয়ে ওইসব বাহিনীর দাবির পরিপ্রেক্ষিতে অর্থছাড় করা হচ্ছে। অর্থছাড়ে আনসার বাহিনীকে অগ্রাধিকার দেয়া প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, প্রধান যোগাযোগ ব্যবস্থা রেলের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আনসার। তাছাড়া সারা দেশে রেললাইনে দায়িত্ব পালনের জন্য আট হাজারের বেশি আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে। স্বাভাবিক কারণেই তাদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক খরচ মেটানোর লক্ষ্যেই আনসার বাহিনীকে অগ্রাধিকার ভিত্তিতে অর্থছাড় দেয়া হয়েছে। তিনি আরও জানান, পুলিশ ও র্যাবের অর্থছাড়ের ব্যাপারে দফায় দফায় বৈঠক চলছে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে শনিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানান, চলমান পরিস্থিতির কারণে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর ব্যয় অনেক বেড়ে গেছে। তাদের জন্য অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, সড়ক পরিবহনের পাশাপাশি রেলেও একের পর এক নাশকতা চালানো হচ্ছে। রেলের নিরাপত্তায় সারা দেশের এক হাজার ৪১ পয়েন্টে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তাছাড়া সারা দেশে মহাসড়কে পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন-প্রহরার ব্যবস্থা করা হয়েছে। এসব কারণেই মূলত প্রত্যেক বাহিনী বাড়তি অর্থের জন্য সরকারের দ্বারস্থ হয়েছে। তবে এতসব কিছুর পরও থামছে না সহিংসতা-নাশকতা। কোথাও কোথাও আইনশৃক্সখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভয়ানক হামলা চালানো হচ্ছে। এমনকি আইনশৃক্সখলা বাহিনীও হামলার শিকার হচ্ছে। ৫ জানুয়ারি কেন্দ্র করে শুরু হওয়া রাজনৈতিক সহিংসতায় এ পর্যন্ত ৭৫ নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। অন্যদিকে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রোববার পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। এ শতাধিক মানুষের মৃত্যুর পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষ দগ্ধ-আহত হয়ে যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। সহস্রাধিক যানবাহন আগুনে পোড়ানো হয়েছে। দিন যতই যাচ্ছে পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে।




















































