ডেস্ক রিপোর্টঃ
টানা ৩৫ দিনের অবরোধে দেশ কার্যত অচল হয়ে পড়েছে। অর্থমন্ত্রীসহ সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি দেশের ভয়াবহ রাজনৈতিক পরিস্থিতির কথা স্বীকার করেছেন। রাজধানী ঢাকাকে মোটামুটি সচল রাখতে পারলেও জেলাগুলোর অবস্থা খুবই খারাপ তা অর্থমন্ত্রী নিজেই বলেছেন। কিন্তু দুই পক্ষের অনড় অবস্থার কারণে এই ভয়বহতার মাত্রা বেড়েই চলেছে। তবে দেশের এই ক্রান্তিকালে চুপ করে বসে থাকতে পারেন না বুদ্ধিজীবী সমাজ বা সুশীল সমাজ। তাই সংকট সমাধানে তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার কাছে প্রস্তাব পেশ করেছেন। নিজ অবস্থান থেকে দেশের প্রতি যে দায়িত্ববোধ রয়েছে সেখান থেকেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। তবে সরকারের পক্ষ থেকে তাদের এই উদ্যোগকে সমালোচনা করে বক্তব্য দেয়ায় সমস্যা সমাধানের কোন সম্ভাবনা দেখা যাচ্ছেনা বলেই মনে করছেন বিশ্লেষকরা।
কলামিস্ট ও সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্টার ইকতেদার আহমেদ বলেন, দেশের অর্থনৈতিক, সামজিক, রাজনৈতিক পরিস্থিতি ভালো একথা কেউ বলবে না। প্রতিদিন মানুষ পুড়ছে ও মরছে। একমাস হতে চললো ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। যে সমস্যার মধ্যদিয়ে দেশ চলছে তাকে সরকার পক্ষের অনেকেই স্বাভাবিক বলার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে তা অস্বাভাবিক। যার যা অবস্থান থেকেই দেশের পরিস্থিতি যেন ভালো হয় সেই উদ্যোগ নিতে হবে। এই দেশ কোন দল বা ব্যক্তির নয়, এই দেশ ১৬ কোটি মানুষের। সুস্থভাবে জীবন যাপন করা, অর্থনীতি স্বাভাবিক রাখা প্রত্যেকরই দায়িত্ব। কিন্তু বুদ্ধিজীবীদের উদ্যোগ সরকার গ্রহণ না করলেও তা নিয়ে বিরুপ মন্তব্য সঠিক হয়নি।
তিনি বলেন, ৯০ এর পর থেকে দেশের বুদ্ধিজীবী, চিকিৎসক, সাংবাদিকসহ সকল পেশার মাঝে দলীয় প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। বর্তমান সমাজে নিরপেক্ষ মানুষ খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে। প্রত্যেকই নিজের স্বার্থে দলবাজ হয়েছেন। কেউ বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে করছেন আবার কেউ সুবিধা নিয়ে কেটে পড়ছেন। তারপরেও যারা কাজের মাধ্যমে এখনো নিরপেক্ষ বলে পরিচিত তাদের উদ্যোগ নিয়ে আলোচনার একটি আশ^াস দিতে পারে সরকার। কিন্তু তাদের উদ্যোগ নিয়ে যদি বিতর্কিত বক্তব্য দেয়া হয় তাহলে বুদ্ধিজীবীরা আশাহত হবেন। যা দেশের পরবর্তী যেকোন ক্রান্ত্রিকালে তাদের অনীহা প্রকাশ পাবে।
অধ্যাপক ফেরদৌস হোসেইন বলেন, অতীতেও দেশের সংকট সমাধানে সুশীল সমাজকে উদ্যোগী ভূমিকা পালন করতে দেখা গেছে। তাদের উদ্যোগ পরামর্শ গ্রহণ করা উচিত। তাদের অভিজ্ঞতা ও যোগ্যতার মাধ্যমে সমস্যার সমাধান না হলেও একটি পথ বেড়িয়ে আসতে পারে।
এদিকে মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, নাগরিক সমাজের সংলাপের প্রস্তাব অবাস্তব ও অগ্রহণযোগ্য। পেট্রলবোমা দিয়ে নিরীহ মানুষ হত্যাকারীদের সঙ্গে সংলাপ হতে পারে না। নাগরিক সমাজের এ প্রস্তাব নিয়ে সরকার কী ভাবছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, তাদের ওই প্রস্তাব অবাস্তব ও অগ্রহণযোগ্য। সন্ত্রাস, নাশকতা ও সন্ত্রাসী তৎপরতাকে আড়াল করার জন্য এবং একটি গণতান্ত্রিক দলকে তাদের সঙ্গে একই কাতারে দাঁড় করানোর চেষ্টা করেছে তারা।
সরকার এই মুহুর্তে কোনভাবেই সংলাপে বসবে না তা আওয়ামীলীগের সিনিয়র নেতাদের বক্তব্যে বারবার উঠে আসছে। এখন সহিংসতা ও চাপের মুখে সরকার বিএনপির সঙ্গে সংলাপে বসলে সেটা সরকারের জন্য সুফল বয়ে আনবে না। সরকারের পাঁচ বছর মেয়াদ পূরণ করাও কঠিন হবে। আবার বেগম খালেদা জিয়াও এখন সরাসরি আওয়ামী লীগের সঙ্গে সংলাপ চাইছে না বলে বিএনপির একটি সূত্র জানিয়েছে। তিনি মনে করেন যে সংলাপ হলেও সফল হবে না। এই কারণে তিনি আন্দোলন কর্মসূচি দিয়ে সরকারে উপর চাপ তৈরি করতে চাইছেন। পাশাপাশি বিদেশি ও আন্তর্জাতিক মহলের সহায়তায় ও জাতিসংঘের মধ্যস্তত্বায় সমঝোতার দিকে তিনি এগিয়ে চেতে চান। দেশের কোন মানুষের ও কোন নেতার সহায়তায় সংলাপ হবে বলে মনে করছেন না তিনি।
সমস্যা সমাধানে রাষ্ট্রপতি উদ্যোগ গ্রহণ করবেন অনেকে এমন আশা করলেও সেখান থেকে আপাতত কোন সুখবর আসছেনা বলেই মনে হচ্ছে। নাগরিক সমাজ সংটক সমাধানে রাষ্ট্রপতি বরাবর যে চিঠি দিয়েছেন তা অন্যান্য সাধারণ চিঠির মতোই ভাগ্য বরণ করে অবহেলায় পড়ে আছে । বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাত বার আওয়ামীলীগ থেকে নির্বাচিত সাংসদ। কিন্তু রাষ্ট্রপতি হওয়ায় তিনি আওয়মীলীগের সকল পদ থেকেই পদত্যাগ করে এখন একজন নিরপেক্ষ ব্যক্তি ও দেশের অভিভাবক। তাই দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে জাতি তার দিকেই তাকিয়ে আছে।




















































