পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করলেও অবশেষে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে সড়ক-মহাসড়কে দুরপাল্লার যানবাহন চলাচলের ঘোষণা থেকে পিছু হটলো সরকার। বাস যাত্রীদের নিরাপত্তায় হাইওয়ে পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েন করলেও নাশকতা রোধ করতে না পারায় অবশেষে ৯৯৩টি ঝুকিপূর্ণ পয়েন্টে ১২ হাজার আনসার সদস্য মোতায়েন করে । তারপরও নাশকতা, সহিংসতার প্রভাবে মৃত্যু রোধের ব্যর্থতায় অবশেষে রাতে দুরপাল্লার বাস না চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।
সরকারের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ বাস মালিক-শ্রমিক সংগঠন গুলো। পাশাপাশি যাত্রীরাও ক্ষুব্ধ। গত একমাসেরও বেশি সময় ধরে চলা অবরোধ হরতালের কারণে এমনিতেই বাস চলাচল এতোটাই কম হয়েছে যে, মালিকদের লক্ষ লক্ষ টাকা লোকসান গুনতে হয়েছে। অনেকটা ব্যবসায়িক ঝুঁকিতে পড়েছেন তারা। আবার চুক্তিভিত্তিতে যে সব ড্রাইভাররা এসব দুরপাল্লার গাড়ী চালান তারাও পড়েছেন আর্থিক সংকটে। এ পর্যায়ে ভরসা ছিলো রাতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে দুরপাল্লার বাসগুলো চালাতে সরকারের দৃঢ় সিদ্ধান্ত। কিন্তু গত শনিবার থেকে রাতে দুরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞায় ব্যর্থতার তীর ছোঁড়া শুরু হয়েছে সরকারের দিকে।
যদিও খোদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অল্প কয়েকদিনের মধ্যেই সমস্যার সমাধান করবেন। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। গত সোমবার পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, নাশকতা প্রতিরোধে ইতোমধ্যেই সন্ত্রাসীদের প্রতিহত করছে জনসাধারণ। এসময় ক্ষতিগ্রস্থ পরিবহন মালিক শ্রমিকদের ক্ষতি পূরণ দেওয়ারও আশ্বাসও দেন তিনি। এসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পরিবহন মালিকরা সড়কে বেশ কিছু ঝুকিপূর্ণ পয়েন্টের কথা উল্লেখ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলো স্বাভাবিক করার পর পুনরায় ২৪ ঘণ্টা বাস চলাচল করবে।
এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ জানান, আগামী ২/৩ দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন সরকার। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর স্বাভাবিক নিয়মেই বাস চলা শুরু হবে




















































