
স্টাফ রিপোর্টারঃ
প্রায় কোটি টাকা খরচ করেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুনের ঘটনার তিন বছরে তদন্তের ফলাফল এখন পর্যন্ত ‘শূন্য’। হত্যাকা-ের মোটিভ, খুনিদের গ্রেফতার কিংবা চিহ্নিত কিছুই করতে পারেনি আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। তদন্তে কোনো অগ্রগতি না দেখে বিচারের আশা প্রায় ছেড়েই দিয়েছেন নিহতের স্বজনরা। তদন্তকারী সংস্থা র্যাবের কাছে এখন এ হত্যাকা-ে পৃথক দুটি ডিএনএ (ডিঅক্সি রাইবো নিউক্লিক এসিড) নমুনা ছাড়া কিছুই মেলেনি। র্যাব দাবি করেছে, ঘাতক যারাই হোক তাদের সঙ্গে ঐ দুই ডিএনএ নমুনার মিল থাকবে। কিন্তু দেশের অপরাধী চক্রের ডিএনএ নমুনার ডাটাবেজ না থাকায় ঐ নমুনা দিয়ে সন্দেহভাজন ঘাতকদের শনাক্ত করা সম্ভব নয়। র্যাব এখন সাগরের ব্যবহূত দুটি ল্যাপটপের সন্ধান করছে। খুনের দিন তার ব্যবহূত ল্যাপটপ দুটি খুঁজে পাওয়া যায়নি। র্যাব ধারণা করছে, ঘাতকরা ঐ দুটি ল্যাপটপ নিয়ে গেছে। র্যাব এই দুই ল্যাপটপ উদ্ধারের জন্য মাঠে কাজ করছে।
//সাগর-রুনি হত্যাকা-ের তিন বছর//
২০১২ সালের ১১ ফেব্র“য়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ৫৮/এ/২, রশিদ লজ অ্যাপার্টমেন্টের ৫ম তলার ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রুনির ছোট ভাই নওশের আলম রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলাটি বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে র্যাব তদন্ত করছে।
গত ২৪ জানুয়ারি র্যাব সদর দফতরে চাঞ্চল্যকর মামলার অগ্রগতি নিয়ে আয়োজিত একটি বৈঠকে বলা হয় যে, ঘাতক যারাই হোক দুটি পৃথক ডিএনএ নমুনার সঙ্গে ঐসব ঘাতকের ডিএনএ নমুনার মিল পাওয়া যাবে। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ঐ ডিএনএ নমুনার রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এ দুটি ডিএনএ নমুনা বহনকারীরাই ঘাতক (কিলার)।
অন্যদিকে সাগর-রুনির ফ্ল্যাট থেকে খোয়া যাওয়া দুটি ল্যাপটপের সন্ধান করছে র্যাব। সাগর ও রুনির পরিবারের সদস্যদের কাছ থেকে র্যাবের নেয়া তথ্য বিশ্লেষণ করে র্যাবের এক কর্মকর্তা জানিয়েছেন, ল্যাপটপটি সাগর জার্মানিতে কর্মরত অবস্থায় কিনেছিলেন। দেশে ফিরে ছোট একটি ল্যাপটপ কেনেন। এ দুটি ল্যাপটপ সাগর-রুনি বাসায় ব্যবহার করতেন। এদের মধ্যে একটি ল্যাপটপে সাগরের দ্বিতীয় কিস্তিতে লেখা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একটি গ্রন্থের অর্ধেকের বেশি অংশের পা-ুলিপি ছিল। তার ঐ ল্যাপটপ দিয়েই ২০১১ সালে একুশে বইমেলায় প্রকাশিত ‘কর্নেলকে আমি মনে রেখেছি’ বইটি লিখেছিলেন। এই গ্রন্থের দ্বিতীয় পর্ব তিনি ঐ ল্যাপটপে লিখেছিলেন। এছাড়া ল্যাপটপ দুটিতে সাগর ও রুনি তাদের সাংবাদিকতা জীবনের অনেক অজানা কাহিনী ডায়েরি আকারে লিখে রেখেছিলেন।
তদন্ত সূত্র জানায়, উচ্চ আদালতের নির্দেশে প্রতি মাসে একবার তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। এ পর্যন্ত আদালতে ৩২টি অগ্রগতি প্রতিবেদন জমা দেয়া হয়েছে। সর্বশেষ প্রতিবেদন দেয়া হয় গত ২ ফেব্র“য়ারি। তবে প্রতিটি প্রতিবেদনের ভাষাই এক। রহস্য উদ্ঘাটনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে বলা হয়েছে।
এদিকে হত্যাকা-ের পর দীর্ঘ তিন বছর পার হয়ে গেলেও খুনিদের শনাক্ত করতে না পারায় ক্ষোভ আর হতাশা ব্যক্ত করেছেন পরিবারের সদস্যরা। মামলার বাদী নওশের আলম বলেন, তদন্তে কোনো অগ্রগতি নেই। সংশ্লিষ্টরা তাদের কিছু জানানও না।
মানববন্ধন: সাংবাদিক দম্পতির হত্যাকা-ের বিচার দাবিতে আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। ডিআরইউর আয়োজনে এতে নিহতদের পরিবারের সদস্য ও গণমাধ্যম নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
























































