ডেস্ক রিপোর্টঃ
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের ডাকসাইটের খল অভিনেতা’র নাম বাবর। রূপালী পর্দায় তার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে শত শত চলচ্চিত্রে। সেই বাবর দীর্ঘ এক যুগেরও বেশি সময় যাবত চলচ্চিত্রে অভিনয় করছেন না। শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে চলচ্চিত্রে অভিনয় থেকে তার এই দূরে থাকা। তবে এখন আবার চলচ্চিত্রে অভিনয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন গুণী এই চলচ্চিত্র অভিনেতা।
বাবর বলেন, ‘চলচ্চিত্রই আমাকে বাবর হিসেবে দর্শকের কাছে ব্যাপক পরিচিত করে তুলেছে। আমি দর্শকের ভালোবাসা নিয়ে আজও বেঁচে আছি। আমি আবার দর্শকের কাছে ফিরে যেতে চাই। তাই যারা নিয়মিত চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যেন আবারো আমাকে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ করে দেন।’
একজন খল অভিনেতা হিসেবে সর্বশেষ একযুগেরও বেশি সময় আগে মনোয়োর হোসেন ডিপজল পরিচালিত ‘তের গু-া এক পা-া’ চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে বাবরকে। রাজধানী ঢাকার গে-ারিয়ায় জন্ম নেয়া বাবরের পৈতৃক নিবাস কুমিল্লায়। তেজগাঁও কলেজে পড়াশুনাকালীন সময়ে আমজাদ হোসেনের নির্দেশনায় ‘বাংলার মুখ’ চলচ্চিত্রে নায়ক হিসেবে বাবরের অভিষেক ঘটে।
তবে নায়ক রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রে অভিনয় করে খল নায়ক হিসেবে বাবরের যাত্রা শুরু হয়। এরপর দীলিপ বিশ্বাসের ‘আসামি’, শামসুদ্দিন টগরের ‘বাঞ্জারান’, দারাশিকোর ‘ডাকু দরবেশ’, ‘জিপসী সরদার’ সহ প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
তার প্রযোজিত চলচ্চিত্র ‘দাগী’ (পরিচালক প্রয়াত নূর হোসেন বলাই) এবং একমাত্র পরিচালিত চলচ্চিত্র ‘দয়াবান’। ছোট্ট বয়স থেকেই বাবর বেতারেও স্টাফ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। ১৯৬৮ থেকে ১৯৭০-এর শেষ পর্যন্ত টিভি নাটকে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। ‘ঘর জামাই’ নাটক নির্মাণের জন্য তিনি ‘বাচসাস’ পুরষ্কারও অর্জন করেছেন। ১৯৫২ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম নেয় বাবরের এক মেয়ে মোনা ও এক ছেলে টনি।

























































