বিশেষ প্রতিবেদন:
দুইদিনের ব্যস্ত সময় শেষে রাতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। এদুদিনে ভারতের সাথে সীমান্ত বিরোধের চূড়ান্ত আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এছাড়া আরো দেড় ডজনের বেশি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রীর দুদিনের সফরে কি পেল বাংলাদেশ তা নিয়ে সাধারণ মানুষ ও বিশ্লেষকদের মাঝে চলছে বিস্তর আলোচনা। ভারতের কংগ্রেসের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ঐতিহাসিকভাবে সর্বজনবিদিত। তাই বিজিপি ক্ষমতায় আসার পর দুদেশের সম্পর্ক কি হতে যাচ্ছে বা নতুন সরকারের সাথে কি সম্পর্ক হবে তা নিয়ে জনমনে ছিল ব্যাপক কৌতুহল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মোদির সফর নিয়ে তাদের মতামত তুলে ধরেন। একজন বলেন, ছিটমহলের বাসিন্দারা আজ হয় বাংলাদেশ বা ভারতের নাগরিক হয়েছে। তারা এখন আর ছিটের বাসিন্দা নয়। তারা যে পরিচয় সংকটে ছিল আজ তাদের সে সঙ্কট নেই। আরেকজন শিক্ষার্থী বলেন, তিস্তার বিষয়টি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আরো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা উচিত ছিল। তাদের ওপর আরো চাপ দেয়া উচিত ছিল। এই সফর থেকে ভারতও অনেক লাভবান হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশই লাভাবান হচ্ছে না।
মোদির সফরের প্রথমদিনে বাণিজ্য ও সংযোগসহ মোট ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এরমধ্যে রয়েছে উপকূলীয় নৌ চলাচল চুক্তি ও অভ্যন্তরীণ নৌ চলাচলা প্রোটকল। এই দুই চুক্তির ফলে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহনের পথ সুগম হবে এবং বাংলাদেশের সমুদ্র বন্দরের সাথে ভারতের কয়েকটি বন্দরের সংযোগ স্থাপন হবে।
তবে সংযোগ সম্পর্ক স্থাপনের ফলে ভারতই বেশি লাভবান হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যপক শাহিদুজ্জামান। তিনি বলেন, ভারতের প্রাপ্তি অসামান্য। তাদের উত্তরাঞ্চলের যোগাযোগের যে সমস্যাগুলো রয়েছে এ চুক্তি থেকে তা অনেকটাই আর থাকবে না। তবে ভালো দিক হচ্ছে ছিটমহলের মানুষগুলো এখন পুনর্জীবন পাচ্ছে। এছাড়া সীমান্ত আরো বেশি সুসংহত হবে। এটা দুই দেশের জন্য সমান পাওয়া।
সীমান্ত চুক্তির দলিল হস্তান্তরের বিষয়টি ইতিবাচক ভাবেই দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেরিতে হলেও সীমান্ত চুক্তির বিষয়টি একটি অর্জন বলেই মনে করি। ঢাকা গৌহাটি বা ঢাকা আগারতলা যোগাযোগকে তো কানেকটিভিটি বলা যায় না। আর পানির বিষয়ে আমাদের আক্ষেপের কথা বলা হয়েছে। তিস্তা চুক্তি হয় নাই। আবার তা হবে না তাও বলা হয় নাই। তা হতে কত সময় লাগবে সঠিকভাবে সে সময়ের কথাও বলা হয় নাই। বিবিসি।
বিবিসি’র ফেসবুক পাতায় নরেন্দ্র মোদির সফরে বাংলাদেশ কি পেয়েছে সেসম্পর্কে কয়েকজনের মন্তব্য তুলে ধরা হলো।
সিমন প্রধান তার মন্তব্যে লিখেছেন, এই চুক্তি হয়ে কি লাভ? তিস্তায় বাঁধ দিয়ে গ্রীষ্মমৌসুমে শুকিয়ে মারে আর বর্ষায় ডুবিয়ে মারে।
রিংকি মনি লিখেছেন, কি পেলাম, কি দিলাম, এই কথাটি কেমন জানি। সবচেয়ে বড় হলো পারষ্পরিক বন্ধন।
ইয়াসিন সোহাগ মন্তব্য করেছেন, ভারত ট্রাক ভরে নিয়ে যাবে। আর দিয়ে যাবে প্লেট পরিমাণ।
রাজু আহমেদ লিখেছেন, বাংলাদেশ কি পেয়েছে সেটি দেখার সময় এখনো আসেনি। বরং কি দিয়েছে সেটাই মূখ্য।
এইচ ইমামুদ্দিন বলেছেন, ভারত যা দেয় তারচেয়ে বেশি কেড়ে নেয়। আর এটাই হলো আমাদের প্রতিবেশি ভারতের পররাষ্ট্রনীতি। কিন্তু আমরা ক্ষমতার লোভে কিছু বোঝার চেষ্টা করি না। এটা হলো আমাদের দেশের রাজনীতিবিদদের ভুল।
আহসান হাবিব সরদার মন্তব্য করেছেন, ভারত বাংলাদেশ থেকে আদায় করে নিচ্ছে। বিনিময়ে বাংলাদেশের খাতায় জিরো। তিস্তা নিয়ে যে আশা ছিল তা ভারত আপাতত করবে বলে মনে হচ্ছে না।
এম ডি সিরাজুল ইসলাম লিখেছেন, শেখ হাসিনার অবৈধ সরকার বৈধতা পেলো। ক্ষমতার মেয়াদ বৃদ্ধি পেলো। মোদি সরকারের যা যা দরকার তা নিয়ে গেলো। দেশের জনগণ কোন কিছু পেল না। তিস্তা চুক্তি আদায় করতে পেল না।
এদিকে মোদি ভারতে না ফিরে যেতেই সফরে তাদের অর্জন নিয়ে হিসাব-নিকাশ প্রকাশিত হচ্ছে দেশটির গণমাধ্যমে। সেখানে বলা হয়েছে, সফরে বাংলাদেশকে ২০০ কোটি ডলার ঋণ সহায়তা প্রদানের যে চুক্তি অনুমোদিত হয়েছে, তার বিপরীতে অন্তত ৫০ হাজার ভারতীয় নাগরিকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এছাড়া ইস্পাত, সিমেন্টসহ বিভিন্ন খাতে রফতানিও বৃদ্ধি পাবে। রোববার এক প্রতিবেদনে এসব জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
ওই প্রতিবেদনে বলা হয়, স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বিভিন্ন প্রকল্পে বাংলাদেশকে ২০০ কোটি ডলার (প্রায় ১৫ হাজার ৫৬৫ কোটি টাকা) ঋণ দেবে ভারত। ভারতীয় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই ঋণ সরবরাহ করা হবে। এ অর্থ দিয়ে যেসব প্রকল্প বাস্তবায়ন করা হবে, তার ৭৫ শতাংশ কাঁচামাল, যন্ত্রপাতি ও সেবা ভারত থেকে ক্রয় করার শর্ত রয়েছে। এসব পণ্য ও সেবার উৎপাদন প্রক্রিয়াও হবে ভারতে।


























































