নাজিম উদ্দিন/মোশাররফ হোসেন মনির ঃ
বিয়ে বাড়িতে সাজ সাজ রব। অতিথিদের পোলাও-মুরগীতে আপ্যায়ন করা হচ্ছে। বধু সেজে বিয়ের পিড়িতে বসে আছে অষ্টম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার (১৩) । কিছুক্ষণ পরেই আসবে বর। ঠিক ওই সময়ে বিয়ে বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান। বিয়ের আসর থেকে শারমিন আক্তারকে উঠিয়ে স্কুল ড্রেস পড়িয়ে স্কুলে পাঠিয়ে দিলেন উপজেলা কর্মকর্তা । বাল্য বিবাহ থেকে রক্ষা পেলেন শারমিন আক্তার।
বাল্য বিবাহ দেওয়ার চেষ্টার অভিযোগে স্কুল ছাত্রীর মা সাজেদা বেগম ও সহযোগিতার অভিযোগে চাচা হাবিবুর রহমান, শাহ আলম ও মোস্তফাসহ প্রত্যেককে ১ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এদিকে শারমিনের মা সাজেদা বেগম মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না বলে ভ্রাম্যমান আদালতের নিকট মুচলেকা প্রদান করেন।
রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের পুস্করিনীরপাড় গ্রামের সাহেবের টেক গ্রামে এ ঘটনা ঘটে।
স্কুল ছাত্রী শারমিন আক্তার উপজেলার পুস্করীনিপাড় গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের মেয়ে । সে শ্রীরামপুর ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মনসুর উদ্দিন জানান, ১৮ বছর পূর্ন হওয়ার আগে মেয়েদের স্থান শশুর বাড়ি নয়, বিদ্যালয়। বাল্য বিবাহ বন্ধে প্রশাসন সব সময় সক্রিয় রয়েছে।
ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মমিনুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, থানার উপ-পরিদর্শক মো: মোস্তফা প্রমুখ।


















































