পূর্বাশা ডেস্ক:
আগামী ১৪ অক্টোবর ঢাকা সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তখনই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি ঋণ সহায়তার এই চুক্তি হতে পারে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বৃহস্পতিবার বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, যোগাযোগ, বিদ্যুৎ-জ্বালানি, তথ্যপ্রযুক্তি, শিল্প এবং জীবনমান উন্নয়নে এই অর্থ দিতে চায় চীন। তবে এখনও ঋণের শর্ত ও সুদহার নির্ধারণ করা হয়নি।
বিশাল অঙ্কের এই ঋণে আপত্তি না থাকলেও শর্ত যেন কঠিন না হয়, সে দিকে দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ মোহাম্মদ ফরাসউদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনই আমাদের বেশি ঋণ নেওয়ার সময়। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে এখন থেকেই বড় ধরনের অবকাঠামো নিশ্চিত করতে হবে। তাই এখন বড় ঋণ দেশের জন্য আকাঙ্ক্ষিত।”
“তবে কোনোভাবেই যেন কঠিন শর্তের ঋণ না হয়, সে দিকে সরকারকে খেয়াল রাখতে হবে,” বলেন সাবেক এই গভর্নর।
অঙ্ক খোলাসা না করলেও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় রেকর্ড পরিমাণ ঋণচুক্তি স্বাক্ষরিত হবে।”
বাংলাদেশের সম্ভাবনা দেখেই চীন ঋণ দিতে আগ্রহী মন্তব্য করে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণেই চীনসহ সারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়ন বিস্ময়।”
বাংলাদেশের বর্তমান সরকার চীনমুখী অর্থনীতিতে মনোযোগী। চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত ব্রিকস ব্যাংকেও যোগ দিয়েছে বাংলাদেশ।
অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, গত ৪ অক্টোবর ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি গুয়ানজুর মাধ্যেমে দেশটি বাংলাদেশের জন্য প্রাথমিকভাবে ২১টি প্রকল্প বাচাই করে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বড় ধরনের কোনো নীতি পরিবর্তন না হলে এ তালিকাই চূড়ান্ত বলে জানিয়েছে চীন।
এই ২১টি প্রকল্পের মধ্যে রেলখাতের চারটি, সড়ক পরিবহনের চারটি, বিদ্যুতের চারটি, জীবনমান উন্নয়নে পাঁচটি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি খাতের একটি করে এবং শিল্প খাতের দুটি প্রকল্প রয়েছে।
এর মধ্যে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য ২৫৭ কোটি ৫৭ লাখ ডলার, ঢাকা-চট্টগ্রাম রেল প্রকল্পে ৩০৩ কোটি ডলার, জয়দেবপুর-ঈশ্বরদী সেকশনের (ডাবল লাইন ডুয়েল গেজ) উন্নয়ন প্রকল্পে ৭৫ কোটি ২৮ লাখ ডলার দিতে পারে চীন।
চট্টগ্রামে কর্ণফুলী নদীতে টানেল নির্মাণ প্রকল্পে ৭০ কোটি ৫৮ লাখ ডলার, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রসে ওয়ে প্রকল্পে ১৩৯ কোটি ৩৯ লাখ ডলার আসতে পারে।
গত অগাস্টে ঢাকায় বাংলাদেশ-চীন যৌথ কমিশনের বৈঠকে
‘সীতাকুণ্ড-চট্টগ্রাম-কক্সবাজার মেরিন ড্রাইভ এক্সপ্রসেওয়ে ও কোস্টাল সুরক্ষা’ প্রকল্পে ২৮৫ কোটি ৬৫ লাখ ডলার এবং ঢাকা-সিলেট মহাসড়ক চার লেইনে উন্নীতকরণ প্রকল্পের জন্য ১৬০ কোটি ৩৩ লাখ ডলার দিতে পারে চীন।
চীনের সহায়তা পাওয়া যেতে পারে ২০৩ কোটি ডলারের ‘এক্সপানশন অ্যান্ড স্ট্রেংদেনিং অব পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আন্ডার ডিপিডিসি এরিয়া’ প্রকল্পে।
‘সিস্টেম লস রিডাকশন বাই রিপ্লেসিং পঞ্চাশ লাখ ইলেক্ট্রো মেকানিক্যাল এনার্জি মিটার উইথ ইলেক্ট্রনিক এনার্জি মিটার’ প্রকল্পে ১৬ কোটি ৬০ লাখ ডলার দিতে পারে চীন।
এছাড়া ‘পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংদেনিং প্রজেক্ট আন্ডার পিজিসিবি’তে ১৩২ কোটি ১৮ লাখ ডলার আসতে পারে। ‘গজারিয়ায় ৩৫০ মেগাওয়াট কয়লাভিত্তিক থার্মাল বিদ্যুৎকেন্দ্র’ দিতে পারে ৪৩ কোটি ৩০ লাখ ডলার।
‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্পে ৫০ কোটি ডলার, ‘রাজশাহী সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ প্রকল্পে ৫০ কোটি ডলার, বিটিভির পাঁচটি টিভি স্টেশন স্থাপন প্রকল্পে ১২ কোটি ৭৮ লাখ ডলার দিতে পারে চীন।
বিজেএমসির আওতায় ‘সরকারি পাটকল আধুনিকায়ন পুনর্বাসন ও সম্প্রসারণ প্রকল্পে’ ২৮ কোটি ডলার এবং “এস্টাব্লিশিং ডিজিটাল কানেক্টিভিটি’ প্রকল্পে আসতে পারে ১০০ কোটি ডলার।
এছাড়া পাঁচ প্রকল্পে অর্থের অঙ্ক উল্লেখ করা হয়নি; সেগুলো হচ্ছে- ‘চায়না অর্থনৈতিক ও শিল্প জোন চট্টগ্রামের অবকাঠামো উন্নয়ন প্রকল্প’, ‘বাংলাদেশ গার্মেন্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক’, ‘চট্টগ্রাম-কক্সবাজার রেলওয়ে প্রজেক্ট’, ‘ড্রেনেজে এন্ড সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট ফর স্মল সাইজ পৌরসভা’, ‘রিপ্লেস অব ওভারলোডেড ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ফর প্রোভাইডিং রিলায়েবল ইলেক্ট্রিসিটি ইন আরই সিস্টেম’।

























































