পূর্বাশা ডেস্ক:
প্রতিবছর শীতে এদেশে অতিথি পাখি আসে। কলরবে মুখরিত হয় প্রকৃতি। এবারকি শীতের হাওয়ায় নির্বাচনী সুবাতাস বইবে? আওয়ামী লীগের কাউন্সিল হয়ে যাওয়ার পর নির্বাচনী প্রস্তুতি নিতে বলা হয়েছে দলের নেতাকর্মীদের। তারা তৃণমূল এলাকায় ফিরে গিয়ে দেখবেন তাদের তেমন কোনো শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ নেই।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট দরকার কী, ঘোষণা দিলেই হয় ক্ষমতায় গেলাম। আস্থার সংকট ক্ষমতাসীন দলের সঙ্গে বিরোধী দলেরও। ফখরুল জানেন ক্ষমতায় আওয়ামী লীগ রয়েছে তাই ঘোষণাও দেবার কোনো প্রয়োজন নেই। তারপরও শোনা যাচ্ছে আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে সব চ্যালেঞ্জ নিয়ে ফের হাঁটতে শুরু করবেন তার একটি হচ্ছে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসা।
এরই মধ্যে অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহীম খালেদ বলেছেন, সাম্প্রতিক সময়ে গণতন্ত্রের কথা বললে সেটা তেমন যুতসই হবে না। কিন্তু ওই পথেই আমরা হাঁটছি। আবার গণতন্ত্র নিয়ে অনেক ঝগড়া আছে। একদলীয় গণতন্ত্রকে আমাদের দেশে অনেকে গণতন্ত্রই বলতে চান না। কিন্তু চীনে একদলীয় গণতন্ত্র দেখা যায়। বিশ্বায়নের যুগে সেদেশে কমিউনিস্ট পার্টি ছাড়া কোন পার্টি নাই। আমরা যদি খেয়াল করি, দেখতে পাবো, বিশ্বের অর্ধেক মানুষ একদলীয় গণতন্ত্রে চলে। সেখানে সন্ত্রাসও কম। সুশাসন অনেক বেশি। দুর্নীতি তুলনামূলক কম। সব কিছু মিলিয়ে একদলীয় গণতন্ত্রই আসল গণতন্ত্র। এটা মেনে নিলে গণতন্ত্রের চেহারা অন্য রকম হবে। এটাকে কেন আমরা আসল গণতন্ত্র বলছি? কারণ চীনে সবকিছুতে জনগণের অংশগ্রহণের মাধ্যমে সবকিছু হয়। এটা তার একটা লক্ষণ।
আরেকটি হলো, তাদের দলের মধ্যেও গণতন্ত্র আছে। কমিউনিস্ট পার্টির মধ্যে যে গণতন্ত্রের চর্চা আছে আমাদের গণতান্ত্রিক দেশের কোন রাজনীতিক দল সেটা করতে পারছে না। সবকিছু মিলিয়ে তারপরও হতাশ না। একদল আরেক দলকে আঘাত করে বলে বিরোধী দল সরকার দলীয়দের বলে তারা গণতন্ত্র নষ্ট করছে। এটিএন নিউজের নিয়মিত অনুষ্ঠান নিউজ আওয়ার এক্সট্রা’য় সোমবার তিনি একথা বলেন।
দলের মধ্যে গণতন্ত্র আদৌ আছে কি না তা বুঝার উপায় কি? একটি হচ্ছে নেতৃত্বের পরিবর্তন। তা বাংলাদেশে সম্ভব হচ্ছে না। গোপন কিংবা প্রকাশ্যে ব্যালটের মধ্যে দিয়ে কোনো রাজনৈতিক দলই নিজেদের নেতৃত্বের পরিবর্তন আনতে রাজি নয়। সোমবার যুক্তরাষ্ট্রের এবিসি টেলিভিশনের লেট নাইট শো ‘জিমি কিমমেল লাইভ’এ দুবারের নির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা বলেই ফেললেন, তৃতীয় বারের মত যদি তিনি প্রধানমন্ত্রী হতে চান বা দায়িত্ব পেয়েও যান তাহলে তার স্ত্রী মিশেল তাকে ডিভোর্স দেবে। কারণ মিশেল রাজনীতি পছন্দ করেন না। গণতন্ত্র চর্চা হয় এমন সব দেশে এমনই হয়। মধ্যপ্রাচ্যের গোত্র প্রধানদের ক্ষমতা করায়ত্ত করার বাসনা ও পরিবারতন্ত্রের এক অদ্ভুত মিশেল বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের পরিচয় হয়ে উঠেছে।
আইয়ুব খান বেসিক ডেমোক্রেসির ফরমুলা এদেশের মানুষকে গেলাতে হার্ভার্ড এর বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছিলেন। এখন উন্নয়নের কথা বলা হলেও কেউ সুশাসনের কথা বলছেন না। দুর্নীতি রয়েছে। তাই উন্নয়ন দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার পরিণতি মানুষকে কোথায় নিয়ে যায় সে জন্যে রাজনীতির পাঠ প্রয়োজন। গণতন্ত্র চাইলে অর্ধেক মানুষ গণতন্ত্রের বাইরে এ কথা বলার দরকার কি? পাকিস্তানের সময় বলা হত এদেশের মানুষ গণতন্ত্রের জন্যে প্রস্তুত নয়। ভোটের অধিকার না থাকলে গণতন্ত্র থাকে কি? কিন্তু মুশকিল হচ্ছে আ্ইয়ুব খান ও বাইশ পরিবারের বেসিক ডেমোক্রেসি এদেশের মানুষ গ্রহণ করেনি। এখন ২২ হাজারেরও বেশি পরিবারের সঙ্গে জনগণের লড়াইয়ের উপায় কি তার দিক নির্দেশনা কোনো রাজনৈতিক দল দিতে পারছে না।
দিন কয়েক আগে অবশ্য প্রধানবিচারপতি আস্বাস দিয়ে বলেছেন, বাংলাদেশে আর সামরিক সরকার আসার কোনো সম্ভাবনা নেই। মানুষ ভরসা পেলে আর শীতের হাওয়ায় যদি সত্যি সত্যি নির্বাচনী সুবাতাস উত্তপ্ত হয়ে ওঠে তাহলে সংলাপের প্রয়োজন হবে। কিন্তু সংলাপে কখনোই রাজনৈতিক দলের আগ্রহ নেই। এই অনাগ্রহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতা চিরস্থায়ী করার আকাঙ্খা তৈরি করেছে। তাই এরশাদের পর দুই জনপ্রিয় নেত্রীর আমলে ভোটারবিহীন নির্বাচনের নমুনা দেখা গেছে। নির্বাচনকে প্রহসন বানাতে হলে উন্নয়নের ফিরিস্তি প্রয়োজন হয়। গণতন্ত্রকে ছাড়া দেয়ার কথা বলা হয়। পরামর্শ আসে অন্য ধাঁচের গণতন্ত্রের। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্যে প্রস্তুত হলেও এদেশের রাজনীতি এখনো প্রস্তুত নয়।


























































