ডেস্ক রিপোর্ট : বাঙালি নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্মভূমি রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে গড়ে ওঠা স্মৃতি কেন্দ্রটি আজও চালু হয়নি। ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের উদ্বোধন করলেও নানা জটিলতায় আটকে আছে এর কার্যক্রম। বছরের পর বছর ধরে বেশ ঘটা করে দিনটিতে বেগম রোকেয়াকে স্মরণ করা হলেও তার আত্মজীবনী ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে ভুলভাবে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্মৃতি কেন্দ্রটি চালু না হওয়ায় রোকেয়ার প্রকৃত ইতিহাস জানতে পারছে না নতুন প্রজন্ম। তাই বিভিন্ন প্রবন্ধ ও জাতীয় পাঠ্যপুস্তকে রোকেয়াকে নিয়ে প্রকাশিত ভুল তথ্য বাতিল করে প্রকৃত ইতিহাস তুলে ধরার পাশাপাশি স্মৃতি কেন্দ্রটি চালু করার দাবি উঠেছে সর্বত্র।
রোকেয়া গবেষক ও বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল আমাদের সময় ডটকমকে বলেন, ২০১৩ সাল থেকে সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকরুপে নির্ধারিত ‘সপ্তবর্ণা’ বইয়ে বেগম রোকেয়াকে নিয়ে সেলিনা হোসেনের লেখা, ‘পায়রাবন্দ গ্রামে তাদের বাড়িটি ছিল বিশাল, সাড়ে ৩ বিঘা জমির মাঝখানে’। অথচ রোকেয়া তার নিজের লেখা প্রবন্ধে লিখেছেন, ‘আমাদের এই অরণ্য বেষ্টিত বাড়ির তুলনা কোথায়, সাড়ে ৩০০ বিঘা লাখেরাজ সম্পত্তির উপর আমাদের সুবৃহৎ বসতবাড়ি’। এই রোকেয়া গবেষক বলেন, বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন ৭ম শ্রেণির সপ্তবর্ণা বইয়ে আরও লিখেছেন, ‘১৮৯৮ সালে কিশোরী বয়সেই ভারতের বিহারের ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয়’। অথচ বোন করিমন নেছা তার বিয়েতে একটি আলোকচিত্র উপহার দেন। সেখানে ১৮৯৬ সালের ৩১ মে উল্লেখ আছে। তিনি বলেন, জাতীয় পাঠ্যপুস্তক ও শিক্ষা পাঠ্যক্রম ৫ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৮ম অধ্যায়ে বলা হয়েছে, ‘রোকেয়া ভাগলপুরে ১৯০৫ সালে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন’। প্রকৃত তথ্য হচ্ছে, ১৯০৯ সালে ৩রা মে রোকেয়ার স্বামী সাখাওয়াত হোসেনের মৃত্যুর ৫ মাস পর ১ অক্টোবর ভাগলপুরে তিনি একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
এদিকে বিশিষ্ট লেখক মালেকা বেগম তার ‘মৃত্যুঞ্জয়ী রোকেয়া স্বদেশী ও স্বাদেশিক’ এবং মুহাম্মদ শামসুল আলমের লেখা ‘রোকেয়া সাখাওয়াত- জীবন ও সাহিত্যকর্ম’ বইয়ে রোকেয়ার জীবনপঞ্জিতে জন্ম ১৯৮০ থাকলেও মৃত্যু সাল লিখেছেন ১৯২৬। অথচ উপমহাদেশের অসংখ্য প্রবন্ধ, নিবন্ধ ও পাঠবইয়ে সুস্পষ্টভাবে বলা হয়েছে, ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ বেগম রোকেয়া এবং ১৯৩২ সালের ৯ ডিসেম্বর ভারতের কলকাতায় মারা যান তিনি। এছাড়াও আব্দুল মান্নান সৈয়দ তার লেখা, ‘বেগম রোকেয়া’ বইতে উল্লেখ করেছেন, রোকেয়ার ছোট বোন হোমায়রা খাতুনের ছেলে নজরুল গবেষক ও নজরুল ফোরামের প্রতিষ্ঠাতা আমির হোসেন চৌধুরীকে স্বামী বলা হয়েছে। প্রকৃতপক্ষে হোমায়রা খাতুনের স্বামীর নাম তোফাজ্জল হোসেন চৌধুরী।
রফিকুল ইসলাম দুলাল বিস্ময় প্রকাশ করে বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন তিনি কাজ করে গেছেন নিরলসভাবে। লড়াই করেছেন ধর্মান্ধতার বিরুদ্ধে। সেই নারী জাগরণের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়াকে নতুন প্রজন্মের কাছে ভুলভাবে তুলে ধরা হচ্ছে। রোকেয়ার প্রকৃত ইতিহাস ও আত্মজীবনী নতুন প্রজন্মকে জানানোর জন্য তাই স্মৃতি কেন্দ্রটি দ্রুত চালু করার দাবি জানান তিনি।
এদিকে, রোকেয়ার জন্মভূমি রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে গড়ে ওঠা স্মৃতি কেন্দ্রটি আজও চালু না হওয়ায় ক্ষোভ আর হতাশা বিরাজ করছে স্থানীয়দের মাঝে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরাও বেতন-বোনাস না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। সর্বশেষ সুপ্রিম কোর্টের দেয়া রায়ের ৮ মাস পেরিয়ে গেলেও স্থায়ীকরণ হয়নি কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি, চালু হয়নি কেন্দ্রটি। ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষ্যে ১৯৭৪ সাল থেকে পায়রাবন্দবাসী রোকেয়াকে স্মরণ করে রোকেয়া দিবস পালন করে আসছেন। সরকারিভাবে ১৯৯৪ সাল থেকে জেলা প্রশাসনের আয়োজনে বেশ ঘটা করেই দিবসটি পালন করা হয়। সেই সঙ্গে পায়রাবন্দে ৯-১১ ডিসেম্বর রোকেয়া মেলা বসে।
খোঁজ নিয়ে জানা যায়, নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়ার চিন্তা ও চেতনাকে জাগ্রত করতে ১৯৯৭ সালের ২৮ জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। প্রায় সোয়া ৩ একর জমিতে পৌনে চার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় স্মৃতি কেন্দ্রের। যা ২০০১ সালের ১ জুলাই উদ্বোধন করার পর রোকেয়া স্মৃতিকেন্দ্র শীর্ষক প্রকল্পের আওতায় উপ-পরিচালকসহ ১৩ জন কর্মকর্তা কর্মচারীকে নিয়োগ প্রদান করা হয়। মাত্র ২ বছর চলতে না চলতেই তৎকালীন তত্ত্ববধায়ক সরকারের আমলে বন্ধ হয়ে যায় স্মৃতি কেন্দ্রটি। ভেস্তে যায় রোকেয়ার জীবন কর্ম সম্পর্কে গবেষণা, তার গ্রন্থাবলীর অনুবাদ, সংস্কৃতি চর্চা। নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা না পেয়ে শুরু হয় মানবেতর জীবনযাপন। স্মৃতি কেন্দ্রের পরিচর্চ্চাকারী খোরশেদ আলম আমাদের সময় ডটকমকে বলেন, বেগম রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দ। তার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধাবোধ থেকেই অন্য কোথাও যেতে পারি না। মানবেতর জীবন নিয়ে এখানেই কাজ করছি।
বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের উপ-পরিচালক আব্দুল্যা-আল-ফারুক আমাদের সময় ডটকমকে বলেন, উচ্চ আদালতের রায়েও স্মৃতি কেন্দ্রটি চালুর কথা বলা হয়েছে। এটি দ্রুত বাস্তবায়ন হবে বলে আমরা আশা করছি। নারী জাগরণের অগ্রদূত, সমাজ সংস্কারক বেগম রোকেয়ার জন্ম ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দের খোর্দ্দ মুরাদপুর গ্রামের এক সভ্রান্ত জমিদার পরিবারে। তার পিতা জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার, মাতা রাহাতুন্নেছা সাবের চৌধুরানী। খান বাহাদুর সাখাওয়াত হোসেনের সঙ্গে অল্প বয়সে বিয়ে হয় রোকেয়ার। মাত্র ২৮ বছর বয়সে তিনি স্বামীকে হারান। তার জীবনদশায় অবরোধ বাসিনী, অর্ধাঙ্গী, সুলতানার স্বপ্ন, মতিতূর ছাড়াও অসংখ্য বই লিখেছেন বেগম রোকেয়া। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি কলকাতায় মারা যান। কলকাতার সোধপুরে সমাহিত করা হয় রোকেয়াকে। আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষ্যে পায়রাবন্দে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি শুরু হচ্ছে রোকেয়া মেলা।


























































