বৃহস্পতিবার,৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশে পুশইন আতঙ্কে আসামের এক কোটি বাংলাভাষী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৬

musalman-anupraveshkarei-ahomar-bhabuki

ডেস্ক রিপোর্ট :

উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসামের এক কোটিরও বেশি বাংলাভাষী বাংলাদেশে পুশইন আতঙ্কে রয়েছে। রাজ্যটিতে প্রথমবারের মতো ক্ষমতায় এসে বিজেপি সরকার এক কোটিরও বেশি বাংলাভাষী মানুষকে ‘বাংলাদেশি’ হিসেবে চিহিৃত করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে। এতে আতঙ্ক সৃষ্টি হয়েছে আসামের বাঙলীদের মনে।

আমাদের অর্থনীতির কাছে এ আতঙ্কের কথা জানিয়েছে আসামের বাঙালী নাগরিক ও বাঙালী কমিউনিটির নেতারা বলেছেন, বাংলাভাষীদের নিয়ে বর্তমানে আসামের রাজনীতি সরগরম। অসমীয়রা বাংলাভাষীদের সব সময় ‘বাংলাদেশি’ হিসেবে চিহিৃত করে এবং বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি উত্থাপন করে থাকে। তবে এবার বিজেপি ক্ষমতায় আসার পথ থেকে তাদের এ দাবি আরও জোরালো করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বনন্দ সনোয়ালও তথা কথিত ‘বাংলাদেশি’ মানে বাংলাভাষীদের বিতাড়নের কাজ শুরু করেছেন।

আসামের বাঙালি কমিনিউটির নেতা রেকিব শেখ বলেন, নির্বাচনে জেতার পরই মুখ্যমন্ত্রী সনোয়াল ঘোষণা দিয়েছিলেন, তার সরকারের প্রথম কাজই হবে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো। এরপর থেকেই আসামের রাজনীতি সরগরম। প্রতিদিনই আসামের বিভিন্ন স্থান থেকে কথিত ‘বাংলাদেশি’দের ধরা হচ্ছে। এরপর বিদেশী চিহ্নিতকরণের ট্রাইব্যুনাল জেলে পাঠানো হচ্ছে।

রেকিব শেখ বলেন, আসীয়রা মনে করেÑ গত ৩০ অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে এক কোটিরও বেশি হয়েছে, যাদের বেশির ভাগই ‘বাংলাদেশি’ বলে ধরা হয়। এখন এই অনুপ্রবেশকারী ‘বাংলাদেশি’দের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু রাজনৈতিক দিক থেকে স্পর্শকাতর হওয়ায় বিষয়টি নিয়ে যাতে দুটি প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয়, তার জন্য ফেরত পাঠানোর বিষয়ে পৃথক একটি চুক্তি স্বাক্ষরের দাবিও জানিয়েছে অসমীয়রা।

তিনি বলেন, এক কোটি কথিত বাংলাদেশিদের মধ্যে মুসলিমের সংখ্যাই বেশি। এর মধ্যে তিন লাখ হিন্দু বাঙালিও আসাম থেকে বহিষ্কারের মুখে রয়েছেন। কয়েক দশক ধরে ভারতে বসবাস করে জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকায় নাম উঠানো ২ লাখ ৭৪ হাজার ৯৭৯ জনের নাগরিকত্ব নিয়ে এরইমধ্যে তোলা হয়েছে প্রশ্ন। বিজেপি জোট সরকার ক্ষমতায় আসায় হিন্দু বাঙালিদের মধ্যেও বহিষ্কারের শঙ্কা বিরাজ করছে।

আসামে বাংলাভাষীদের এভাবে দেশটি থেকে বহিষ্কার ঠেকাতে গড়ে ওঠা সংগঠন ‘সিটিজেন রাইটস প্রটেকশন কমিটি’ (সিআরপিসি)-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ আমাদের অর্থনীতিকে বলেন, আসামজুড়ে ৩৬টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে চলছে কথিত ‘বালাদেশি’দের বিচার কার্যক্রম। এসব ট্রাইব্যুনালে প্রায় তিন লাখ মামলা চলছে। যদিও এদের সবাইকে এখনও আটক করা হয়নি। তবে মামলা শেষে পরোয়ানা জারি করা হবে।

ভারতের নির্বাচন কমিশনের ভাষায়, এসব ভারতীয় ‘ডি ভোটার’। ভোটার তালিকায় তাদের নামের পাশে দীর্ঘদিন যাবত ইংরেজি ‘ডি’ (সন্দেহজনক) শব্দ অন্তর্ভুক্ত করা হয়েছে। আসামজুড়ে ‘বিদেশি খেদাও’ কর্মসূচির অধীনে ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে এসব মানুষকে নাগরিকহীন করে বাংলাদেশে ‘পুশইন’ দেওয়ার পক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে পড়েছে।

এ বিষয়ে আসামের বাংলাভাষী মুসলমান আর হিন্দুদের স্বার্থরক্ষায় কয়েক দশক ধরে আন্দোলন করে চলা নাগরিক অধিকার সুরক্ষা সমিতির প্রধান উপদেষ্টা হাফিজ রশিদ চৌধুরী বলেন, ‘সাধারণ অসমীয়াদের মাথায় একটা আতঙ্ক ঢুকিয়ে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে যে বাঙালীদের না তাড়ালে নিজভূমে সংখ্যালঘু হয়ে পড়বেন অসমীয়ারা। শুধু বাংলাভাষী মুসলমান নয়, বাংলাভাষী হিন্দুরাও একই রকমভাবে আতঙ্কের মধ্যে দিন কাটান আসামে।’

আসামের নতুন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ১৯৮৫ সালে প্রয়াত রাজীব গান্ধীর কংগ্রেস সরকারের আমলে স্বাক্ষরিত ‘আসাম চুক্তি’ বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। কারণ এটাই ছিল রাজ্য বিজেপির প্রধান নির্বাচনি ইস্যু। তিনি বলেছেন, দ’ুবছরের মধ্যে তা শেষ করবেন। চুক্তি অনুযায়ী, ১৯৭১-এর ২৫ মার্চের পর যেসব বিদেশি অবৈধভাবে আসামে অভিবাসী হিসেবে ঢুকেছে, তাদের শনাক্ত করে ভোটার তালিকা থেকে নাম কেটে স্বদেশে ফেরত পাঠাতে হবে। চুক্তি স্বাক্ষরের ৩০ বছর পরও তা বাস্তবায়িত না হওয়ায় অসমিয়াদের মধ্যে জমছিল ক্ষোভ ও হতাশা। এ কারণে কট্টর অসমীয় জাতীয়তাবাদী রাজনৈতিক দল অসম গণপরিষদ এবং বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে জেতার পর বিজেপি বিষয়টি এড়িয়ে যেতে পারছে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি