
পূর্বাশা ডেস্ক:
বিশেষ অভিযানের নামে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই অভিযান চালিয়ে সরকার পার পাবে না বরং এই অভিযানের মধ্য দিয়ে সরকার নিজেদের পতনে স্বেচ্ছায় স্বাক্ষর করলো।
সোমবার সকালে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সরকার দেশব্যাপী যে দু:শাসন চালাচ্ছে তা থেকে উত্তরণের জন্য কোন সমীকরণই কাজে আসবে না। আওয়ামী লীগ নেতাদের বাগাড়ম্বর হচ্ছে প্রবাহমান নদীতে ডুবন্ত মানুষের খড়কুটো ধরে কোন রকমে বাঁচার আশার মতো।
তিনি বলেন, কোন ইস্যু বা আন্দোলন সংগ্রাম কিংবা কোন কারণ ছাড়াই বিশেষ অভিযানের নামে দেশব্যাপি বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের আবারও গণগ্রেফতার শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ অভিযানের নামে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ ও ডিবি পুলিশ হানা দিয়ে ব্যাপক তান্ডব চালাচ্ছে।
রিজভী অভিযোগ করেন, বাড়িতে নেতা-কর্মীদের না পেলে তাদের পরিবারের সদস্যদের লাঞ্ছিত করা হচ্ছে। এমনকি শিশুরাও রক্ষা পাচ্ছেনা আইনশৃঙ্খলা বাহিনীর নিপীড়ণ থেকে। মতিঝিল থানার ৯নং ওয়ার্ড বিএনপি নেতা মো: শামসুদ্দিন বকুল এবং মো: হারুন মিয়াকে মতিঝিল থানা পুলিশ গ্রেফতার করে। টঙ্গী এলাকায় পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডার’রা মিলে অভিযানের নামে গোটা এলাকায় তান্ডব চালিয়ে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এসময় ২০ দলীয় জোটের ১৫ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে। এই তান্ডবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ক্ষমতাসীন দলের ক্যাডার এমনকি মাদক ব্যবসায়ীরাও যুক্ত হওয়ায় পুরো এলাকায় ত্রাসের রাজত্ত্ব কায়েম হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। এইভাবে টঙ্গীতে একযোগে ১৫টি ওয়ার্ডে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বাসায় তল্লাশীর নামে হামলা চালানো হয়।
এছাড়া গত দু’দিনে জামালপুরে ১৮৯ জন, সাতক্ষীরায় ৪১ জন, বাগেরহাটে ৩৯ জন মেহেরপুরে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনসহ ২০০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একইভাবে ঢাকা জেলা, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, চুয়াডাঙ্গা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশী অভিযানের নামে ব্যাপক ধরপাকড় ও হয়রানী নির্যাতন অব্যাহত রয়েছে। ঝিনাইদহ ও মেহেরপুরে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে, সেখানে গত কয়েকদিনে গ্রেফতার করা হয় শতাধিক নেতাকর্মীকে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলালউদ্দিন, কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর একরাম হোসেন বাবু, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে। চুয়াডাঙ্গা জেলাধীন আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত আলী ফরাজীকে দিনে-দুপুরে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে।
এধরণের অমানবিক, ন্যাক্কারজনক পুলিশী অভিযান বন্ধের আহবান জানিয়ে রিজভী বলেন, বিএনপিসহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার অভিযানে উৎসাহিত হয়ে এখন ক্ষমতাসীন দলের লোকেরা বেআইনী দখলদারীত্ব চালাচ্ছে। নিজেরা নিজেরা খুনোখুনীতে মেতে উঠেছে। ব্রাহ্মণবাড়ীয়ায় এমপি ও মন্ত্রীর লোকেরা নিজেরা হানাহানি করছে, পুলিশের ওপর আক্রমন চালাচ্ছে শুধুমাত্র আধিপত্য বজায়ের জন্য।
২৪/০৪/ ২০১৭ইং/ চৈতি।

















































