পূর্বাশা ডেস্ক:
দেশে ২০০৭-২০০৮ সালের মতো খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে সরকারের চাল ও গমের মজুদ গত দুই বছরের তুলনায় অর্ধেক। এছাড়া আগাম বন্যা ও বৈরি আবহাওয়ায় চালের উৎপাদনও হবে কম। যদিও খাদ্যমন্ত্রীর দাবি, পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। অন্যদিকে খাদ্য নিরাপত্তা বলয় আরও টেকসই করার উপায় খোঁজার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ক্ষতিগ্রস্থ অন্তত আড়াই লাখ হেক্টর জমির বোরো ক্ষেত। আবহাওয়ার বৈরিতায় যোগ হয়েছে ফসলের রোগবালাই। সরকারি হিসাব অনুযায়ী, এবার এই বহুমুখী দুর্যোগে কমতে পারে কমপক্ষে ১০ লাখ টন খাদ্য উৎপাদন।
তবে কেবল উৎপাদন কম হওয়াই নয়, সংকট দেখা দিয়েছে খাদ্য মজুদেও। খাদ্য অধিদপ্তরের হিসাবে, চলতি মাসে মোট খাদ্যের মজুদ ৫ লাখ ১০ হাজার টন। যার মধ্যে ৩ লাখ ২০ হাজার টন চাল, বাকি প্রায় ২ লাখ টন গম। অথচ গেল দুই বছর এই সময়ে খাদ্যের মজুদ ছিল দ্বিগুণ। আর এই সুযোগে একশ্রেণির সুবিধাবাদী ব্যবসায়ী এরইমধ্যে বাড়িয়ে দিয়েছেন চালের দাম।
বিশেষজ্ঞরা বলছেন, এখনও দেশের খাদ্য নিরাপত্তা বলয় অনেকাংশেই বোরো আবাদ নির্ভর। আর বোরো ফসলের ওপরে সম্প্রতি দুর্যোগ উৎপাদন লক্ষমাত্রায় বিপর্যয় এনেছে। তাই খাদ্য নিরাপত্তা বলয় টেকসই করার উপায় খোঁজার পরামর্শ দিচ্ছেন তারা।
তবে বর্তমানে খাদ্যের যে মজুদ আছে, তাকে পর্যাপ্ত বলে দাবি খাদ্যমন্ত্রীর। যদিও চালের দাম বাড়ার পেছনে একশ্রেণির অসাধু ব্যবসায়ীর দৌরাত্ম্যের কথা স্বীকার করছেন তিনি।
দেশে বছরে মোট চালের চাহিদা ৩ কোটি টন। যার ৫৫ ভাগের জোগান আসে বোরো মৌসুমে।
পূর্বাশানিউজ/২৯-এপ্রিল,২০১৭/ফারজানা
















































