
পূর্বাশা ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘর গোছাচ্ছে রাজনৈতিক দলগুলো। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বাইরে থাকা বিএনপি সুসংগঠিত হয়ে ভোটের লড়াইয়ে নামতে চায়। তাই নির্বাচনের দু’বছর আগেই ঘর গোছাতে মাঠে নেমেছেন দল দু’টির কেন্দ্রীয় নেতারা। আগামী সংসদকে সামনে রেখে ঘর গোছাচ্ছে নির্বাচন আয়োজনকারী সংস্থা নির্বাচন কমিশন (ইসি) নিজেও। তবে সাংবিধানিক সংস্থাটি ঘর গোছাচ্ছে কীভাবে আগামী নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করা যায়।
ইসি সূত্র জানায়, কমিশন এরইমধ্যে আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা করছে। এরই মধ্যে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপের কাজও শুরু করেছে কমিশন। এছাড়া মাঠ পর্যায়ে থানা ইসি কর্মকর্তাদেরকেও দিচ্ছে সাহস ও বিভিন্ন পরামর্শ। এরই অংশ হিসেবে কমিশন বৃহস্পতিবার আগারগাঁওস্থ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটি (ইটিআই) এ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠক করে। ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ এর সভাপতিত্বে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও কমিশনাররা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রাধান্য পায় আগামী সংসদ নির্বাচনের বিভিন্ন প্রসঙ্গ। পাঠপর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন সিইসি।
সূত্র জানায়, বৈঠকে সিইসি বলেন, নির্বাচন কমিশনের সামনে অনেক গুরুত্বপূর্ণ কাজ, অনেক চ্যালেঞ্জ। আগামী বছরের শেষে বা ২০১৯ সনের প্রথমেই অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। রংপুর, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও গাজীপুর সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপুর্ণ নির্বাচনও সংসদ নির্বাচনের আগেই করতে হবে। এছাড়াও বিভিন্ন স্থানীয় সরকার পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে। রয়েছে ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় সংসদের সীমানা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজ।
নূরুল হুদা বলেন, নির্বাচন কমিশন এসব গুরুত্বপুর্ণ দায়িত্ব পালনের জন্য এখন থেকেই সর্বাত্বক প্রস্তুতি গ্রহণ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এ কর্মপরিকল্পনা সম্মিলিতভাবে বাস্তবায়ন করতে হবে। মনে রাখবেন- নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু তা বাস্তবায়নের দায়িত্ব নির্বাচন কমিশন সচিবালয়ের এবং মাঠ পর্যায়ের দপ্তরসমূহের। নির্বাচন কমিশন সচিবালয়ের দিক নির্দেশনায় এবং সহায়তায় নির্বাচন অনুষ্ঠানের গুরুদায়িত্ব মাঠ প্রশাসনের।
তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম চলছে। প্রতিটি কর্মকর্তাকে বিশেষ করে নবীন কর্মকর্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ক্রমান্বয়ে সকল কর্মকর্তাকে বিদেশেও প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে। ইতোমধ্যে অনেক কর্মকর্তাই বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বিদেশে প্রশিক্ষণের এ ধারা অব্যাহত থাকবে। এ লক্ষ্যে একটি প্রকল্পও গ্রহণ করা হচ্ছে। প্রত্যেকটি কর্মকর্তার দক্ষতা বৃদ্ধির জন্য সকল ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে। মাঠ পর্যায়ের প্রতিটি দপ্তরই যাতে সঠিকভাবে এবং সময়মত কাজ করতে পারে সেজন্য পর্যাপ্ত জনবল পদায়ন করা হয়েছে। যেসব পদ খালি রয়েছে তা পূরণের ব্যবস্থা করা হবে।
মাঠপর্যায়ের দপ্তরসমূহের কাজে গতিশীলতা আনয়নের লক্ষে আঞ্চলিক ও জেলা পর্যায়ে জিপ গাড়ি সরবরাহ করা হয়েছে। প্রতিটি উপজেলায় মটরসাইকেল দেওয়া হয়েছে। এর ফলে মাঠপর্যায়ের কর্মকর্তাগণের একদিকে যেমন কাজের গতিশীলতা বাড়ছে অন্যদিকে সামাজিক মর্যাদাও বৃদ্ধি পেয়েছে। এসব গাড়ি মোটরসাইকেল যাতে যথেচ্ছ ব্যবহার না হয় তা খেয়াল রাখতে হবে এবং যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে। আপনারা যাতে যথাযথভাবে আপনাদের দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে যোগ করেন সিইসি।
সিইসি আরো বলেন, নির্বাচন হলো বিশাল কর্মযজ্ঞ যা নির্বাচন কমিশনের একার পক্ষে সম্পাদন করা সম্ভব নয়। এজন্য প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরের জনবলের প্রয়োজন হয়, তাদের সহযোগিতার প্রয়োজন হয়। প্রয়োজন হয় সকলের সাথে সমন্বয় করে কাজ করার। এজন্য প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সাথে ওয়ার্কিং রিলেশন বজায় রাখতে হবে, সমন্বয় করে কাজ করতে হবে। যাতে করে তারা নির্বাচন কমিশনের ডাকে ঝাপিয়ে পড়ে। নির্বাচনের স্টেক হোল্ডারদের বিষয়ও যতœবান হতে হবে। রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংবাদিক, সুশীল সমাজ ও ভোটারসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে।
কর্মকর্তাদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সিইসি বলেন, এলাকায় গিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করুন। কাজের প্রায়োরিটি নির্ধারণ করুন। কি কি চ্যালেঞ্জ আছে তা নির্ধারণ করুন এবং সে অনুযায়ী কর্মপরিকল্পনা তৈরি করুন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আশা করছি সকল দলের অংশগ্রহণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের দায়িত্ব হলো নির্বাচনে সকল দল এবং প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা, সবার জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং প্রতিটি ভোটার যাতে আনন্দমুখর পরিবেশে তাদের ভোটাধিকর প্রয়োগ করতে পারেন তার ব্যবস্থা করা।
দেশের চলমান গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে সুষ্ঠ অবাধ, নিরপেক্ষ ওবং অংশগ্রহণমুলক নির্বাচনের বিকল্প নেই বলেও উল্লেখ করেন সিইসি।
ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ বলেন, কোনো নির্বাচনকে আমরা ছোটভাবে দেখছি না। ছোট ছোট প্রায় নির্বাচনেও প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা মাঠপর্যায়ে যাচ্ছেন। এতে বুঝতেই পারা যায়া এরা কতটুকু গুরুত্বের সাথে এ নির্বাচনগুলো দেখছেন।
সচিব আরো বলেন, মেসেজ একটাই সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন অনুষ্ঠান করা। অতীতের মতো যাতে মারামারি, কাটাকাটি, জবর দখল, আগেই ব্যালটে সিল পেটানো এগুলো যাতে না ঘটে এই আশ্ব্যস্ত করার জন্যই আমরা ভোটগ্রহণ কর্মকর্তা যারা আছেন রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার তাদের কাছে একটা ম্যাসেজ দেওয়ার জন্য, আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন তাদের কাছেও একটা ম্যাসেজ পৌঁছে দেওয়া যে নির্বাচন কমিশন তাদের সাথে আছে। তাদের প্রোটেকশন দেওয়ার জন্য আছে। তারা অপরাধ করলেও তাদেরকে শাস্তি দিতে নির্বাচন কমিশন পিছপা হবে না এই ম্যাসেজ গুলোই নির্বাচন কমিশন দিয়ে আসছে।
ইসি সূত্র আরো জানা যায়, ১৫ ফেব্রুয়ারি বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রায় গাইবান্ধা-১ এবং সুনামগঞ্জ-২ শুন্য আসনের নির্বাচন, কুমিল্লা সিটি করপোরেশন, ১২টি উপজেলা, ৪টি পৌরসভা, ৫৯টি ইউনিয়ন পরিষদের সাধারণ ও বিভিন্ন পদে উপনির্বাচনসহ প্রায় ২০০টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
পূর্বাশানিউজ/২৯-এপ্রিল,২০১৭/ফারজানা
















































