রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আয়নাবাজির চরিত্র ধরা পড়ল হাইকোর্টে!


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৭.২০১৭


ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশী সিনেমা ‘আয়নাবাজি’ ছবির গল্পের মতোই একটি ঘটনা ধরা পড়েছে হাইকোর্টে। ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সেজে সাজা খাটতে গিয়ে ধরা পড়লেন মানিকগঞ্জের সিংগাইরের আরজ খানের ছেলে আরিফ খান।তবে শেষ রক্ষা হলোনা মূল আসামি মৃত আমির উদ্দিনের ছেলে আয়নাল হকের। সেও এখন কারাগারে।

বুধবার হাইকোর্টের হস্তক্ষেপে উদঘাটিত হলো এই জালিয়াতির ঘটনা। অবশেষে আরিফ খান ও আয়নাল হক উভয়কেই কারাগারে পাঠিয়েছেন উচ্চ আদালত।

একইসঙ্গে এই জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সিংগাইর থানার ওসিকেও নির্দেশ দেয়া হয়েছে বিচারপতি একেএম আব্দুল হাকিম ও এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামি আয়নাল হকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তাকে সহযোগিতা করেন আজমিনা বেগম ও কামরুন্নাহার সীমা। আরেক আসামি আরিফ খানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল মজিদ মিয়া।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন-অর-রশিদ। হারুন-অর-রশিদ সাংবাদিকদের জানান, প্রতারণার মাধ্যমে বদলি সাজা খাটা ও জামিন নেয়ার ঘটনাকে আদালত জঘন্যতম উল্লেখ করেছেন।

মামলার বিবরণে জানা যায়, আসামি আয়নাল হকের বিরুদ্ধে ২০০৪ সালের ২৮ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিংগাইর থানায় একটি ধর্ষণ মামলা করা হয়।

২০১৩ সালের ২০ জানুয়ারি মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ পলাতক আয়নাল হককে যাবজ্জীবন সাজা দিয়ে কারাদণ্ড দেন।

এ রায়ের পর আয়নাল হক সেজে একই গ্রামের আরিফ খান ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর মানিকগঞ্জ আদালতে আত্মসমর্পন করে।পরে ২০১৪ সালে ওই রায় বাতিল চেয়ে হাইকোর্টে কোয়াশমেন্ট (বাতিল) আবেদন করে আরিফ খান। এ আবেদনে হাইকোর্ট রুল জারি করেন।

এরও কিছুদিন পর আরিফ খানের মা আলেয়া বেগম তার ছেলের মুক্তির জন্য হাইকোর্টে আবেদন জানান। তার ছেলে আরিফ খানকে অবৈধভাবে আটক রাখা হয়েছে দাবি করে এ আবেদন করা হয়। এ আবেদনে হাইকোর্ট বিষয়টি তদন্ত করে পুলিশ প্রশাসনকে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।

কিন্তু আদালতে পুলিশের প্রতিবেদন না আসায় ২০১৫ সালের ২১ এপ্রিল হাইকোর্ট তাকে ছয়মাসের জামিন মঞ্জুর করেন। পাশাপাশি রুল জারি করেন। এরপর আরিফ খান কারাগার থেকে মুক্তি পান। এ রুল বিচারাধীন রয়েছে।

আরিফ খান জামিনে মুক্তির পর আয়নাল হক ২০১৫ সালের ৫ জুন মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসে। এরপর ৯ জুলাই আদালতে আত্মসমর্পন করেন। সেই থেকে তিনি কারাগারে।

এরপর তিনি সাজা বাতিল চেয়ে হাইকোর্টে কোয়াশমেন্ট আবেদন করেন। আদালত রুল জারি করেন। এ রুল বিচারাধীন। এ রুলের ওপর শুনানিকালে বদলি সাজা খাটার ঘটনাটি আদালতের চোখে ধরা পড়ে।

পরে হাইকোর্ট দুই আসামি আয়নাল হক ও আরিফ খান এবং আরিফ খানের মা আলেয়া বেগমকে তলব করেন। এ নির্দেশে আয়নাল হককে গত ৩ জুলাই কারাগার থেকে হাইকোর্টে হাজির করা হয়। আদালত তার বক্তব্য শোনেন। এরপর ১২ জুলাই আলেয়া বেগম হাইকোর্টে হাজির হয়ে বক্তব্য দেন।

এ অবস্থায় বুধবার আরিফ খানকেও হাজির করা হয়। আরিফ খান আদালতকে জানান, তাকে নগদ দুই লাখ টাকা প্রদান এবং বিনা টাকায় মালয়েশিয়ায় নেওয়ার প্রলোভন দেখিয়ে আয়নাল হক সাজিয়ে আত্মসমর্পন করানো হয়। আদালত সকল পক্ষে বক্তব্য শোনেন ও আদেশ দেন।

আদেশে আরিফ খান ও তার মা আলেয়া বেগমের আবেদনে জারি করা রুল খারিজ করেন। আর আয়নাল হকের আবেদনে জারি করা রুলের ওপর আগামী ২৬ জুলাই শুনানির দিন ধার্য করেন। ওই দিন এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

২০/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি