ডেস্ক রিপোর্ট:
ভারতে দীর্ঘ দিন সাজা ভোগের পর দেশে ফিরেছেন কুমিল্লার নাঙ্গলকোটের ভানগাদ্দা গ্রামের বাসিন্দা মো. মমতাজ। ৫ বছর বয়সে রেখে যাওয়া ছেলে আমির হোসেন এখন ৩৫ বছরের যুবক। বাবাকে পেয়ে জড়িয়ে ধরে তিনি কান্নায় ভেঙে পড়েন।
অবশেষে সোমবার ( ২ নভেম্বর) বিকালে বিয়ানীবাজারের শেওলা সীমান্ত দিয়ে দীর্ঘ দিন সাজা ভোগের পর দেশে ফিরলেন মমতাজসহ আরও ৪১ বাংলাদেশী নাগরিক।
মমতাজ মিয়া জানান, তার বয়স এখন ষাটের কাছাকাছি। প্রায় ৩০ বছর আগে স্ত্রী, ৭ বছর বয়সী মেয়ে ও ৫ বছর বয়সী ছেলে আমির হোসেনকে রেখে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। এরপর আর তিনি দেশে ফেরেননি। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে ভারতের শিলচর কারাগারে সাজাও খাটেন। কিন্তু সাজার মেয়াদ শেষের পরও স্বজনদের সঙ্গে যোগযোগ করতে না পারায় দেশে ফিরতে পারছিলেন না তিনি।
পরিবার সূত্রে জানা যায়, কুমিল্লার নাঙ্গলকোট থানার মমতাজ মিয়া ৩০ বছর আগে ভারতে নিখোঁজ হন। পরিবারের লোকজন ধরেই নিয়েছিলেন তিনি আর জীবিত নেই। আসামের গোয়াহাটির বাংলাদেশ দূতাবাসের সহকারী হাইকমিশনার তানভীর মনসুর রনি ও মৌলভীবাজারের সমাজকর্মী অমলেন্দু কুমার দাসের তৎপরতায় তার সন্ধান পায় পরিবার। তাকে নিতে শেওলা সীমান্তে আসেন তার ৩১ বৎসরের যুবক ছেলে আমির হোসেন।
৩০ বছর পর ছেলেকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মমতাজ মিয়া (৬৬)। এ সময় শেওলা চেকপোস্টে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দেশে ফিরে মো. মমতাজ বলেন, ‘এত দিন পরিবারের সদস্যদের চিন্তায় পাগলপ্রায় ছিলাম। দেশে পরিবারের সদস্যরা কীভাবে কী অবস্থায় আছেন, সে খবরও নেওয়ার কোনো উপায় ছিল না। অবশেষে হাইকমিশনেরর মাধ্যমে গত বছরের ডিসেম্বরের শেষে আমার নাম-পরিচয় দেওয়ার পর দেশের পরিবারের খবর পাই। এরপর থেকে বাড়ি ফেরার জন্য আমি অধীর আগ্রহে ছিলাম। আজ সেটি পূর্ণ হলো। পরিবারের সদস্যদের ফেলে ভারত তো দূরের কথা, আর কোথাও যাব না।’


















































