ডেস্ক রিপোর্ট:
রাজধানীর শুক্রাবাদে অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে ধর্ষণের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী। মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে তেজগাঁও ডিসি অফিস জানায়- রিয়াদ, ইয়াসিন ও জিতু এই তিন আসামির মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে শেরেবাংলা নগর থানায় এ মামলা করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে রাজধানীর শুক্রাবাদের একটি বাসায় ওই বিউটিশিয়ান ধর্ষণের শিকার হন। বর্তমানে ওই নারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার তার ফরেনসিক করানো হবে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি’র) সমন্বয়ক ডাক্তার বিলকিস বেগম এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘যতোটুকু জানতে পেরেছি, তার অভিযোগ ছিল তাকে দলবেধে ধর্ষণ করা হয়েছে। তার মধ্যে মেয়েটি অন্তঃসত্ত্বা। আজই তার ফরেনসিক করানো হবে, এরই মধ্যে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আল্ট্রাসনোগ্রাম করা হবে, তাতে জানাযাবে সে কয় মাসের অন্তঃসত্ত্বা ছিল। এবং তার অবস্থা সম্পর্কে কেমন আছে।’
উল্লেখ, গত মঙ্গলবার শেরে বাংলা নগর থানার শুক্রাবাদ এলাকায় পার্লারের হোম সার্ভিসের জন্য তাকে ডেকে নিয়ে যান এক নারী। পরে ওই বাসায় তাকে আটকে রেখে মারধর করে জোরপূর্বক দলবেধে একে একে তিনজন তাকে ধর্ষণ করেন।
এরপর ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেয়া হয়। বুধবার সকালে পরিবারের সদস্যরা ভুক্তভোগীকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। পরে ধানমন্ডি থানায় অভিযোগ দেয়া হয়।
পুলিশ জানায়, মেয়েটি হাজারীবাগে স্বামীর সাথে বসবাস করতেন। অনলাইনে কাজের অর্ডার পেলে মানুষের বাসায় গিয়ে পার্লারের বিভিন্ন সেবা দিতেন।



















































