ডেস্ক রিপোর্ট:
রাজধানীর শুক্রাবাদে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক বিউটিশিয়ানকে পার্লার সেবার কথা বলে বাসায় ডেকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা বখে যাওয়া শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতাররা হলেন মো. রিয়াদ (২৪) ও ইয়াছিন হোসেন ওরফে সিয়াম (২৩)। এ সময় তাদের কাছ থেকে ভিকটিমের মোবাইলফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভিকটিম বিউটিশিয়ান ফেসবুক পেজ খুলে বাসায় গিয়ে সেবা দিতেন। এ সুযোগে ফেসিয়াল করার সেবা চেয়ে বাসায় ডেকে নিয়ে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ধর্ষণে জড়িত দুজনই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বখে যাওয়া শিক্ষার্থী। ভুক্তভোগী তরুণী তাদের পূর্বপরিচিত নয়, ফ্যান্টাসি থেকেই ওই তরুণীকে বাসায় ডেকে নেন তারা।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।
ঘটনার বিবরণে তিনি বলেন, ধর্ষণের শিকার তরুণী (২৫) পেশায় একজন বিউটিশিয়ান। আগে বিউটিপার্লারে কাজের অভিজ্ঞতা থাকায় ভিকটিম করোনা পরবর্তী সময়ে সেবা দিতে ফেসবুকে একটি পেজ খোলেন। তার কাছ থেকে আগে সেবা নেওয়া পরিচিত এবং অনলাইনে যোগাযোগ করা নারীরা তার প্রধান সেবাগ্রহীতা।
গত ১১ অক্টোবর বিকেলে ফোনে তেমনই একটি সেবা প্রদানের (ফেসিয়াল) অনুরোধ পান ভুক্তভোগী তরুণী। তাসলিমা নামের এক নারী ফোন করেছিলেন বলে ভিকটিম পুলিশকে জানান। ওইদিন ভিকটিম সাভার থেকে ফেসিয়াল সেবা দিতে শুক্রাবাদ এলাকায় আসেন।
পথে তাসলিমার ভাই পরিচয়ে গ্রেফতার রিয়াদ ফোনে বেশ কয়েকবার তার সঙ্গে কথা বলেন। সন্ধ্যায় শুক্রাবাদ এলাকায় পৌঁছালে রিয়াদ ওই তরুণীকে তাদের ভাড়া বাসায় নিয়ে যান।
ভিকটিমের বর্ণনা অনুযায়ী, কিছুক্ষণ পর সিয়াম ও জিতু নামে তার আরও দুই বন্ধুকে নিয়ে ঘরে প্রবেশ করেন রিয়াদ। এরপর ভয়ভীতি দেখিয়ে তারা একে একে ওই তরুণীকে ধর্ষণ করেন। এরপর তারা ভিকটিমের কাছ থেকে মোবাইলফোন ছিনিয়ে নিয়ে তাকে পথে ছেড়ে দিয়ে চলে যান।
পরে ভিকটিমকে তার স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে প্রথমে বিষয়টি ধানমন্ডি থানাকে জানানো হয়। তবে ঘটনাস্থল তাদের আওতাধীন না হওয়ায় বিষয়টি শেরেবাংলা নগর থানাকে বুঝিয়ে দেয় ধানমন্ডি থানা।
ডিসি এইচ এম আজিমুল হক বলেন, ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী অভিযানে নামে শেরেবাংলা নগর থানা পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতির সময় রিয়াদ ও সিয়ামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেফতার রিয়াদ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সিয়াম তার বন্ধু। এ ঘটনায় জড়িত তাদের আরেক বন্ধুকে গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া যে নারী ভুক্তভোগীকে ফেসিয়ালের জন্য ডেকেছিলেন তদন্ত করে তাকেও গ্রেফতার করা হবে।
অনলাইন ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অনেক সময় নানা ধরনের অভিযোগ পাওয়া যায়। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এইচ এম আজিমুল হক বলেন, এ ধরনের ঘটনা অনেকটাই আইনশৃঙ্খলা বাহিনীকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে। বাসাবাড়িতে যে কোনো সার্ভিস দেওয়ার ক্ষেত্রে গ্রাহক এবং সেবাদানকারী ব্যক্তিদের আরও সতর্ক হতে হবে বলেও উল্লেখ করেন তিনি।



















































