বুধবার,১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, এর জবাব বিএনপিকে দিতে হবে: প্রধানমন্ত্রী


আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, এর জবাব বিএনপিকে দিতে হবে: প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৮ অক্টোবর বিএনপি কথা দিয়েছিল তারা শান্তিপূর্ণ সমাবেশ করবে। কিন্তু তারা কথা রাখেনি, সন্ত্রাস করেছে। সাংবাদিকদের নির্যাতন করেছে, পুলিশের ওপর আক্রমণ করেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, অগ্নিকাণ্ড ঘটিয়েছে, তাদেরকে শাস্তি পেতে হবে।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের বৃহৎ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপি যে সন্ত্রাসী কার্যক্রম করে তা দুঃখজনক। যেভাবে সাংবাদিকদের নির্যাতন করা হয়েছে তা অমানবিক। এর জবাব বিএনপিকে দিতে হবে।

শেখ হাসিনা বলেন, পুলিশকে মাটিতে ফেলে কোপানো হয়েছে। যে অস্ত্র দিয়ে কোপাল, সেই অস্ত্র তারা কোথায় পেল। আগুন-সন্ত্রাস, জালাও-পোড়াও এটাই তাদের চরিত্র।

বিএনপিকে উদ্দেশ্য করে সরকারপ্রধান বলেন, হত্যা-গুম-খুন এগুলো তারা ভালো পারে। তারা অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে, হামলা করেছে। এত অমানবিক আচরণ সহ্য করা যায় না।’

এ অনুষ্ঠানে সাংবাদিকদের আবাসন, দশম ওয়েজবোর্ড ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ২৮ অক্টোবর সাংবাদিকসহ ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘সাংবাদিক নির্যাতনের বিচার হবে।’

প্রধানমন্ত্রী ২৮ অক্টোবরের ঘটনায় মানবাধিকার সংগঠন, সুশীল সমাজসহ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলোর নীরব থাকার তীব্র সমালোচনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক সংগঠনগুলো সামান্য কিছু হলেই বিবৃতি দেয়। এখন তারা কোথায়? আমাদের দেশের সুশীল বাবুরা কোথায়? শুধু আওয়ামী লীগে কিছু হলেই বড় করে দেখায়? মানবাধিকার সংগঠনগুলো চুপ কেন? এদের বিবেক বলে কিছু নেই? আওয়ামী লীগের পান থেকে চুন খসলেই তাদের কণ্ঠে অনেক জোর দেখা যায়। এখন বিড়ালের মতো মিউ মিউ করলেও তো দেখতাম। তাও তো দেখা যাচ্ছে না।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি