ডেস্ক রিপোর্ট:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। বর্তমান সরকারের প্রতিশ্রুতিও তাই। কারচুপিহীন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পোলিং এজেন্টদেরই নিশ্চিত করতে হবে। রাজনৈতিকভাবেও পুরোপুরি সদিচ্ছা রয়েছে তা আমরা এখনও লক্ষ্য করছি। নিরপেক্ষ আচরণের কোনো রকম ব্যত্যয় ঘটলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, যা কখনো গ্রহণযোগ্য নয়।’
আজ রবিবার দুপুরে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিভাগীয় প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি হলো ভোটের দিন। ওই দিনের নির্বাচনী পরিবেশ কেমন স্বচ্ছ ছিল, দৃশ্যমান ছিল, জবাবদিহিতামূলক ছিল, সেটাই দেশবাসীর কাছে প্রতীয়মান হবে। এমনকি সেটা বহির্বিশ্বের কাছেও প্রমাণ রাখবে যা সফল নির্বাচনের প্রতীক। সর্বজনীন নির্বাচনী আস্থা হয়তো বা এখনো গড়ে উঠতে পারেনি, নির্বাচনী সংশয় এখনো কাটেনি। কিন্তু কর্ম ও সততার দ্বারা আমরা জনগণের কাছে বিশ্বাসযোগ্য নির্বাচনী ফলাফল দিতে চাই। জনগণ ও বিশ্বের কাছে শতভাগ বিশ্বাসযোগ্য আস্থা অর্জন করতে চাই। এ জন্য আপনাদের সকলের সহযোগীতা কামনা করছে নির্বাচন কমিশন।’
বিশেষ অতিথির বক্তব্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘একটি স্বচ্ছ, সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এমন একটি জবাবদিহিতামূলক নির্বাচন আমরা অনুষ্ঠিত করতে চাই যার পেছনে কোনো বৈদেশিক জল্পনা-কল্পনা থাকবে না। দ্বিধা, প্রলোভন, অনুরোধ, অভিযোগ সবকিছুর ঊর্ধ্বে নির্বাচনী আয়োজন করতে হবে। এর কোনো বিকল্প নেই।’
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ছয়টি জেলা ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের মাঠ প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















































