সারাদেশে যে মামলাগুলো রয়েছে অনেকগুলোই গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম
অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সারাদেশে বিভিন্ন মামলাগুলোর মধ্যে অনেকই গ্রহণযোগ্য নয়। এ পরিস্থিতিতে তিনি পুলিশ প্রশাসনকে আহ্বান জানিয়েছেন, যেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয়া হয় এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম উল্লেখ করেছেন, ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ফিরে আসছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে দ্রুত কার্যক্রম সম্পন্ন করা যায়।
তিনি বলেন, সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং বৃহস্পতিবার এ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অক্টোবর মাস থেকে সংস্কার কার্যক্রম শুরু হবে, যার মধ্যে শিক্ষা, গণমাধ্যমসহ বিভিন্ন সংস্থার সংস্কারের পরিকল্পনা রয়েছে। এসব কমিশন অংশীজন ও অভিজ্ঞদের সঙ্গে আলোচনা করে রূপরেখা তৈরি করবে এবং সব রাজনৈতিক ও সামাজিক পক্ষ মিলে সংস্কার কার্যক্রম শুরু করবে।
বন্যার্তদের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এ দুর্যোগে দেশের মানুষ দুর্গতদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে। ছাত্ররা সহ সকলের সম্মিলিত প্রয়াসে প্রশাসনকে সহযোগিতা করা হয়েছে, যা অভূতপূর্ব। এই ধারা অব্যাহত থাকবে।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা পুনর্বাসন কার্যক্রমের দিকে এগোচ্ছি। পানি কমছে এবং মানুষ আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে। লক্ষ্মীপুরে পানি দেরিতে কমছে, কারণ খালে বাঁধ ও খাল দখল হয়ে গেছে। যদি খালগুলো খনন করা যায়, তাহলে দীর্ঘমেয়াদি সমাধান হবে। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিব।
নাহিদ ইসলাম মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ খাতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, সার্বিক ক্ষতির পরিমাণ পূরণ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
তিনি বলেন, প্রশাসন, পুলিশ, জেলা প্রশাসন, সেনাবাহিনী, সবক্ষেত্রের সাথে সমন্বিতভাবে খুব সুশৃঙ্খলভাবে ত্রাণ কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে। পুনর্বাসন কার্যক্রম এভাবে সমন্বিতভাবে চালু থাকবে, এটাই প্রত্যাশা।
ত্রাণ বিতরণের পর উপদেষ্টা নাহিদ ইসলাম মান্দারী ইউনিয়নের যাদৈয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা আশ্রয় কেন্দ্রের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার প্রমুখ।

















































