আলিয়া ভাটের অভিনয়কে পরিবর্তন করেছে যে তিনটি সিনেমা
অভিনেত্রী হিসেবে আলিয়া ভাটের যাত্রা সত্যিই চমকপ্রদ। স্বজনপ্রীতির তকমা বহন করেই ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে তিনি বড় পর্দায় পদার্পণ করেন। তবে পারিবারিক পরিচয় ছাপিয়ে একজন অভিনেত্রী হিসেবে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে তার বেশি সময় লাগেনি।
এ ক্ষেত্রে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ইমতিয়াজ আলী পরিচালিত সিনেমা ‘হাইওয়ে’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রণদীপ হুদার সঙ্গে চ্যালেঞ্জিং চরিত্রে প্রথমবার নিজের অভিনয়ের দক্ষতা তুলে ধরেন তিনি।
২০১৬ সালে অভিষেক চৌবে পরিচালিত ‘উড়তা পাঞ্জাব’ সিনেমা আলিয়ার ক্যারিয়ারের আরেকটি মাইলফলক। শহিদ কাপুর ও কারিনা কাপুরের মতো তারকাদের ছাপিয়ে এই সিনেমায় আলিয়ার অভিনয় সবার দৃষ্টি আকর্ষণ করে। এই পারফরম্যান্সের জন্য তিনি ফিল্মফেয়ারের সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।
বলিউডের খ্যাতনামা পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে আলিয়া ভাটের অভিনয়ের স্বপ্ন দীর্ঘদিনের। এই নির্মাতার ‘ইনশাআল্লাহ’ সিনেমায় কাজ করার কথা ছিল তার, কিন্তু কোনো কারণে সেই সিনেমার কাজ আটকে গেলে হতাশ হয়ে পড়েন আলিয়া।
তবে সঞ্জয় লীলা বানসালি পরবর্তীতে আলিয়াকে নিয়ে তৈরি করেন সাড়া জাগানো সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। এই সিনেমায় নামভূমিকায় আলিয়ার অসাধারণ পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়ায়।
সম্প্রতি আইএমডিবির সঙ্গে এক সাক্ষাৎকারে আলিয়া এই তিনটি সিনেমাকে তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া কাজ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘হাইওয়েতে অভিনয় করার পর প্রথমবার আমি নিজের মধ্যে বড় পরিবর্তন লক্ষ্য করি। উড়তা পাঞ্জাবের চরিত্রটি আমাকে অনেক অস্বস্তিতে ফেলেছিল। সেটাই সম্ভবত আমার প্রথম এবং একমাত্র সিনেমা যেটাতে আমি মেথড অ্যাক্টিং করেছি। আর সবশেষে বলব গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির কথা—এই সিনেমায় কাজ করার পর আমার অভিনয়শিল্পী সত্তা আমূল পাল্টে যায়।’
আলিয়া ভাটের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিগরা’। গত ১১ অক্টোবর মুক্তি পাওয়া এই সিনেমাটি নির্মাণ করেছেন ভাসান বালা। এতে আলিয়ার সঙ্গে অভিনয় করেছেন তরুণ অভিনেতা ভেদাং রায়না।

























































