সোমবার,১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » ক্যাম্পাস » “হ্যাডমের দোহাইয়ে” মাদককাণ্ডে বহিষ্কৃত শিক্ষার্থীকে হলে আশ্রয়, সমন্বয়ক ফাহিমকে শোকজ


“হ্যাডমের দোহাইয়ে” মাদককাণ্ডে বহিষ্কৃত শিক্ষার্থীকে হলে আশ্রয়, সমন্বয়ক ফাহিমকে শোকজ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০২৫

জান্নাতুল ফেরদৌস প্রীতি,কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলে মাদক সেবনের অভিযোগে বহিষ্কৃত এক শিক্ষার্থীকে নিয়ম ভেঙে হলে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে আবাসিক হলের সমন্বয়ক ফাহিম আবরারের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে শোকজ করার কথা জানিয়েছেন হল প্রভোস্ট।

জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ থেকে মাদক সেবনের সময় আটক হন সাইদ উদ্দিন আহমেদ। পরে ২৮ এপ্রিল সিন্ডিকেট সভায় তাকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় এবং এই সময়কালের জন্য তার হলে অবস্থান করাও নিষিদ্ধ করা হয়।

তবে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফাহিম আবরার তাকে নিজের রুমে আশ্রয় দেন। বিষয়টি নিয়ে আবাসিক শিক্ষার্থীরা মেসেঞ্জার গ্রুপে আপত্তি তুললে ফাহিম উত্তরে লেখেন—“হ্যাডমের ভিত্তিতে রাখছি”। শিক্ষার্থীরা এই বক্তব্যকে প্রশাসনিক কাঠামোর প্রতি অবজ্ঞাসূচক বলে মন্তব্য করেছেন।

গতকাল রাতেও বহিষ্কৃত সাইদ উদ্দিন হলে অবস্থানরত ছিলেন। এসময় প্রভোস্টের অভিযানে গাঁজা ও বুলেটসহ তাকে এবং আরও দুইজনকে আটক করা হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, পূর্বেও তারা প্রভোস্টকে বিষয়টি জানানোর পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

হলের আবাসিক শিক্ষার্থী সোহান বলেন, “জিরো টলারেন্স নীতির পরেও মাদকাসক্তকে সুরক্ষা দেওয়ার মানে হলো সেই অপরাধকে প্রশ্রয় দেওয়া। তাই যারা তাকে আশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার।”

হল প্রভোস্ট মো. হারুন বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সমন্বয়ককে শোকজ করা হবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।”

একদিকে বিশ্ববিদ্যালয়ের জিরো টলারেন্স নীতি, অন্যদিকে প্রশাসনিক দুর্বলতা ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে নিয়ম ভঙ্গ—এই দ্বৈত চিত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে তৈরি করছে অস্থিরতা ও অসন্তোষ। শিক্ষার্থীদের অভিযোগ, এমন ঘটনা ভবিষ্যতে রোধ করতে হলে প্রশাসনকে কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতেই হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি