
কুমিল্লা তিতাস থানা পুলিশের তৎপর অভিযানে গ্রেফতার হয়েছে গোপালপুর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চিহ্নিত অপরাধী মো. আসলাম।
সোমবার (৩০ জুলাই ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে তিতাস থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। আসলাম দীর্ঘদিন ধরে এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, আসলাম শুধু একজন মাদক ব্যবসায়ীই নয়, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডেরও একাধিক অভিযোগ রয়েছে। কুমিল্লার বিভিন্ন থানায় তার নামে বর্তমানে মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইনে মামলা এবং বৈষম্য বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় পলাতক থাকার অভিযোগ।
পুলিশ আরও জানায়, আসলামের নেতৃত্বে গোপালপুরসহ আশপাশের এলাকাগুলোতে একটি সংঘবদ্ধ মাদক চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। সে নিজে সরাসরি মাদকের বড় বড় চালান নিয়ন্ত্রণ করত এবং স্থানীয় কিশোর ও তরুণদের এই ব্যবসায় ব্যবহার করত।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, “মাদক একটি জাতীয় সমস্যা। আমরা শপথ করে কাজ করছি—তিতাস থেকে মাদক নির্মূল করতেই হবে। আসলামের গ্রেফতার আমাদের চলমান অভিযানের একটি বড় সাফল্য। এই ধরণের অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “আমাদের গোয়েন্দা তথ্য ও দীর্ঘ নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে, যাতে মাদকের পেছনে থাকা মূল হোতাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা যায়।”
এদিকে আসলামের গ্রেফতারে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা জানান, গত কয়েক বছর ধরেই গোপালপুর এলাকায় মাদকের কারণে কিশোর অপরাধ, চুরি, ছিনতাই ও পারিবারিক অস্থিরতা বেড়ে যায়। আসলামের মতো বড় চক্রের নেতাকে আইনের আওতায় আনায় তারা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিতাস থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও বড় ধরনের অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে।

















































