বুধবার,১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » ক্যাম্পাস » নজরুল হলে বহিষ্কৃতদের আশ্রয়, প্রভোস্টের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা


নজরুল হলে বহিষ্কৃতদের আশ্রয়, প্রভোস্টের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৮.২০২৫

জান্নাতুল ফেরদৌস প্রীতি, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলে বহিষ্কৃত ও মাদককাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থীদের অবস্থান নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন আবাসিক শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, হল প্রভোস্টকে বারবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। বরং নিষেধাজ্ঞা অমান্য করেই অভিযুক্তরা হলে অবস্থান করছেন।

জানা যায়, গত ২৮ জুলাই কাজী নজরুল ইসলাম হলের ৩০৭ নম্বর কক্ষ থেকে গাঁজা ও ব্যবহৃত বুলেট উদ্ধার করেন হল প্রভোস্ট মো. হারুন। অভিযুক্ত শিক্ষার্থী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রবিউল আওয়াল রবিনকে হলে না থাকার নিষেধাজ্ঞা দিলেও, তিনি এখনো সহপাঠী হোসাইন আহাম্মেদের রুমে অবস্থান করছেন।

আবাসিক শিক্ষার্থীরা জানান, বিষয়টি হল প্রভোস্টকে একাধিকবার জানানো হলেও তিনি কোনো প্রকার ব্যবস্থা নেননি। এমনকি এর আগেও মাদক সেবনের দায়ে বহিষ্কৃত সাইদ উদ্দিন আহমেদ হলে অবস্থান করেছেন, সে সময়ও প্রভোস্ট নিরব ছিলেন।

তাদের মতে, বর্তমান প্রভোস্টের প্রশাসনিক দক্ষতা নিয়ে সন্দেহ রয়েছে। নানা সমস্যা নিয়ে জানালেও কোনো কার্যকর সাড়া মেলে না। উপরন্তু, মাদকসেবীরা হলে নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি রাতে ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠে মাদক সেবনের সময় বহিষ্কৃত শিক্ষার্থী সাইদ উদ্দিনকে আটক করে প্রক্টোরিয়াল বডি। পরবর্তীতে সিন্ডিকেট সভায় এক বছরের জন্য তাকে বহিষ্কার করা হয়। তবুও তিনি হলে অবস্থান করেন এবং ২৮ জুলাই ফের মাদকসহ ধরা পড়েন।

নজরুল হলের শিক্ষার্থী সোহান বলেন, “মাদকসেবীদের পক্ষে অবস্থান নেওয়া মানেই মাদকের পক্ষে অবস্থান নেওয়া। হল প্রশাসনের এই ব্যর্থতায় হলটির নাম এখন সংবাদে উঠে আসছে, যা খুবই লজ্জাজনক।”

এ প্রসঙ্গে হল প্রভোস্ট মো. হারুন বলেন, “৩০৭ নম্বর কক্ষ থেকে মাদক উদ্ধারের পর অভিযুক্তদের হলে না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ তাদের আশ্রয় দিলে সেটা অন্যায়। আমি প্রথমে তাদের সতর্ক করব, প্রয়োজনে শোকজ নোটিশ পাঠানো হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়ন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। একের পর এক মাদক সংশ্লিষ্ট ঘটনায় প্রভোস্টের নিষ্ক্রিয়তা হলে বিশৃঙ্খলা তৈরি করছে। দ্রুত ও কার্যকর ব্যবস্থা না নিলে এর প্রভাব বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন শিক্ষার্থীরা। এখন সময় হল প্রশাসনের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি