বুধবার,১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


পল্লী চিকিৎসকের দেওয়া ওষুধে ঝলসে গেছে শিশুর শরীর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৮.২০২৫

পল্লী চিকিৎসকের দেওয়া ওষুধে ঝলসে গেছে শিশুর শরীর

পল্লী চিকিৎসকের দেওয়া ওষুধে ঝলসে গেছে শিশুর শরীর

ডেস্ক রিপোর্টঃ

কুড়িগ্রামে এক পল্লী চিকিৎসকের দেওয়া ওষুধে ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হয়েছে ৯ বছরের এক শিশু। তার শরীরে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছে, চামড়া ঝলসে গিয়ে উঠে যাচ্ছে। বর্তমানে শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

আহত শিশুটির নাম নুরজাহান। সে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের ইউনুস আলীর মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই জ্বরে আক্রান্ত হলে নুরজাহানকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বামনডাঙ্গার সবেদের মোড়ে অবস্থিত মদিনা ফার্মেসিতে। সেখানে পল্লী চিকিৎসক আলমগীর হোসেন রোগ পরীক্ষা করে তিন ধরনের ওষুধ দেন। ওষুধ সেবনের পর থেকেই শিশুটির শরীরে ফোসকা পড়া শুরু হয়, এবং ধীরে ধীরে পুরো শরীরে দগদগে ক্ষতের সৃষ্টি হয়। অবস্থার অবনতি হলে ১ আগস্ট তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নুরজাহানের বাবা ইউনুস আলী জানান, “সাধারণ জ্বর নিয়ে মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলাম। এখন তার পুরো শরীর ঝলসে গেছে। সে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে। অথচ যে ওষুধ দিয়েছে সে চিকিৎসক দোকান বন্ধ করে পালিয়ে গেছে।”

অভিযুক্ত পল্লী চিকিৎসক আলমগীর হোসেন বলেন, “আমি ভুল চিকিৎসা দেইনি। জ্বরের সাধারণ কিছু ওষুধ দিয়েছি। সম্ভবত অতিমাত্রায় খাওয়ার কারণে বা পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে এমনটা হতে পারে।”

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার রায় বলেন, “ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি মেডিকেল টিম কাজ করছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি