কুমিল্লার বিনিয়োগকারীদের অভিমত, দেশের শেয়ারবাজারে ভালো মৌলভিত্তি কোম্পানির বড় অভাব রয়েছে। সংশ্লিষ্ট সবাই বিষয়টি স্বীকার করলেও দীর্ঘ সময়ে ভালো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি। দুঃখজনক হলেও সত্য, পুঁজিবাজারে ভালো কোম্পানির শেয়ারের বেশ ঘাটতি রয়েছে। বর্তমানে ২০ থেকে ২৫টির বেশি ভালো কোম্পানির নাম বলা যায় না। পুঁজিবাজারের উন্নয়নে ভালো কোম্পানির তালিকাভুক্তি বাড়ানোর এখনই উপযুক্ত সময় মনে করছেন কুমিল্লার বিনিয়োগকারীরা। কুমিল্লার বিনিয়োগকারীরা বলেন,দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকা শেয়ারবাজারে ফের বিনিয়োগে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের। এতে শেয়ারের চাহিদা ক্রমাগত বাড়ছে। এদিকে চাহিদা বৃদ্ধি বিবেচনায় নিয়ে নতুন শেয়ারের জোগান বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনপরবর্তী সময়ে শেয়ারবাজার অন্ধকার গহ্বর থেকে বেরিয়ে আসবে- এমন প্রত্যাশা তৈরি হয়। অর্থনীতিতে সংস্কারের ফলে ঘুরে দাঁড়িয়েছে ব্যাংক। পুঁজিবাজারে প্রাণ ফেরাতে নতুন ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তি হবে। কিন্তু সেই প্রত্যাশা দীর্ঘ সময় ধরে রয়ে গেছে পূর্ণতার ঊর্ধ্বে। একটানা ১৩ মাসে একটি নতুন কোম্পানিও তালিকাভুক্ত হয়নি, যা দেশের শেয়ারবাজারের ইতিহাসে নজিরবিহীন শূন্যতা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বিএসইসির তথ্য অনুযায়ী, করপোরেট বন্ড, ট্রেজারি বন্ড ও মিউচুয়াল ফান্ড বাদে বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৩৬৮টি। এর মধ্যে সর্বশেষ আইপিও এসেছিল ২০২৪ সালের জুনে, টেকনো ড্রাগস কোম্পানির। এর পর ২০২৫ সালের আগস্ট পর্যন্ত আর কোনো নতুন কোম্পানি বাজারে আসেনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা গত ১৫ বছরে ১৩৪ প্রতিষ্ঠানের তালিকাভুক্তি অনুমোদন করেছে। কিন্তু কোম্পানিগুলো ভালো ফল বয়ে আনতে পারেনি। কারণ, এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই তালিকাভুক্ত হওয়ার পর মুনাফা করার সক্ষমতা কমেছে। ফলে তাদের জেড ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে।
অংশীজনরা বলছেন, মানসম্পন্ন শেয়ারের সংকটের মতো একটি সমস্যা রয়েই গেছে। বিএসইসি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), মার্জিন ঋণ এবং মিউচ্যুয়াল ফান্ড-সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ বিধিবিধান সংস্কারে ধীরগতিতে কাজ করছে। এই পরিবর্তনগুলোকে নতুন তালিকাভুক্তির জন্য জরুরি বলে মনে করা হয়।
কুমিল্লা ইনভেস্টমেন্ট ফোরামের সভাপতি মেজবাহ উদ্দিন জাহেদ বলেন, কয়েকটি কোম্পানি দিয়ে শেয়ারবাজার ভালো করা সম্ভব নয়। ভালো কোম্পানি বাজারে না আসা পর্যন্ত শেয়ারবাজার ভালো হবে না। ইতোমধ্যে ভালো কোম্পানি চিহ্নিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এসব কোম্পানি তালিকাভুক্তির পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, সময় এসেছে বাজারের গভীরতা বাড়ানোর। এ জন্য ভালো ভালো কোম্পানি বাজারে আনতে হবে। তার জন্য করের সুবিধাসহ সরকারি যেসব নীতি-সহায়তা দরকার, সেসব বিষয় সরকার বিবেচনা করতে হবে এবং সরকারি কোম্পানি বাজারে আনার উদ্যোগ নিতে হবে।
এদিকে কিছু সরকারি কোম্পানি পুঁজিবাজারে আনার উদ্যোগ নিয়েছে সরকার। যেসব কোম্পানিকে শেয়ারবাজারে আনার বিষয়ে আলোচনা চলছে, এর মধ্যে রয়েছে- নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি, জালালাবাদ গ্যাস সিস্টেম, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি, সোনারগাঁও হোটেল, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, লিকুফায়েড পেট্রোলিয়ম গ্যাস, সিলেট গ্যাসফিল্ড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, বাংলাদেশ গ্যাসফিল্ড, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড, প্রগতি ইন্ডাস্ট্রিজ, চিটাগাং ডকইয়ার্ড, কর্ণফুলী পেপার মিলস, বাংলাদেশ ইনস্যুলেটর অ্যান্ড স্যানিটারিওয়্যার ফ্যাক্টরি, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, টেলিটক ও টেলিফোন শিল্প সংস্থা।

























































