শনিবার,১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » ক্যাম্পাস » শ্লীলতাহানির পর চলন্ত বাস থেকে কুবি শিক্ষার্থীকে ফেলে দেওয়া, গ্রেপ্তার ২


শ্লীলতাহানির পর চলন্ত বাস থেকে কুবি শিক্ষার্থীকে ফেলে দেওয়া, গ্রেপ্তার ২


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০২৫

জান্নাতুল ফেরদৌস প্রীতি,কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের এক ছাত্রী চট্টগ্রামগামী সেন্টমার্টিন পরিবহনের একটি লোকাল বাসে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। ঘটনাক্রমে দুর্বৃত্তরা তাকে বাস থেকে ফেলে দেয়। এ ঘটনায় জড়িত পাঁচজনের মধ্যে দুইজনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

আটক হওয়া দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— বরুড়ার মো. আলী হোসেন ও নারায়ণগঞ্জের মোহাম্মদ আলী।

ভুক্তভোগীর সহপাঠীদের সূত্রে জানা যায়, শিক্ষার্থী আলেখারচর থেকে চট্টগ্রামগামী বাসে ওঠেন। যাত্রী না থাকায় সুযোগ বুঝে হেলপারসহ আরও তিনজন তার হাত-পা বেঁধে সোনার চেইন ছিনিয়ে নেয়। এরপর যৌন হয়রানি করে এবং হত্যার উদ্দেশ্যে তাকে বাস থেকে ফেলে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস থেকে এক শিক্ষার্থীকে পড়ে যেতে দেখে তারা বাসটি থামান। এসময় পাঁচজনের মধ্যে তিনজন পালিয়ে গেলেও দুইজনকে আটক করা সম্ভব হয়। পরে কুবির শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে অভিযুক্তদের গণপিটুনি দেন। পুলিশ তাদের হেফাজতে নিতে চাইলে শিক্ষার্থীরা আপত্তি জানান এবং ক্যাম্পাসে নিয়ে বিচার দাবি করেন, ফলে পুলিশের সঙ্গে তর্ক-বিতর্ক হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, পুলিশের পক্ষ থেকে আশ্বাসজনক পদক্ষেপ না পাওয়ায় তারা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হন। এসময় অভিযুক্তদের বহনকারী পুলিশের গাড়িও তারা আটকে রাখেন। পরবর্তীতে সেন্টমার্টিন পরিবহনের দুটি বাসও ক্যাম্পাসে আটকে রাখা হয়।

অবরোধের কারণে দুই পাশে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেনাবাহিনী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ সুপার এসে আলোচনায় বসেন। অভিযুক্তদের শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতির পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলেও বিকেল ৫টা পর্যন্ত যানজট অব্যাহত থাকে।

সদর দক্ষিণ উপজেলার এসিল্যান্ড সজীব তালুকদার জানান, লিখিত অভিযোগ নেওয়া হয়েছে এবং আসামিরা স্বীকারোক্তি দিয়েছেন।

ইউএনও রুবাইয়া খানম বলেন, আটককৃত দুইজনকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি তিনজনকে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভুক্তভোগীর ক্ষতিপূরণ বাসমালিকদের কাছ থেকে আদায় করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, আসামিদের দেওয়া দুই বছরের সাজা অজামিনযোগ্য। এছাড়া পুলিশ বাকি আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করবে এবং এক মাসের মধ্যে চার্জশিট দাখিল করবে। ছিনতাই, হত্যা চেষ্টা ও ধর্ষণ চেষ্টার অভিযোগও পৃথকভাবে তদন্ত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করবে।

এ ঘটনায় কুমিল্লার পুলিশ সুপার উপস্থিত ছিলেন, তবে অসুস্থতার কারণ দেখিয়ে স্থান ত্যাগ করেন। তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনা আবারো প্রমাণ করে রাস্তাঘাট, যানবাহনে নারীদের চলাচল নিরাপত্তাহীন। এইরকম ঘৃণ্য ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা না হলে গোটা নারীজাতি র নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি