
জান্নাতুল ফেরদৌস প্রীতি, কুবি:
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের নবীন ক্যাডেটদের ভর্তি পরীক্ষা লিখিত আকারে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের ৩০৮ ও ৩০৯ নং কক্ষে পরীক্ষাটি শুরু হয়।
এ পরীক্ষায় নবীন ক্যাডেট হিসেবে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (১৮তম ব্যাচ) এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (১৯তম ব্যাচ) শিক্ষার্থীরা।
লিখিত পরীক্ষায় উপস্থিত ছিলেন বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. শামিমুল ইসলাম, ২/লে. (বিএনসিসিও), এক্স-ক্যাডেট কর্পোরাল দিনেশ বসু চাকমা, ক্যাডেট সার্জেন্ট শাহিন মিয়া এবং পুরুষ ও মহিলা প্লাটুনের রানিং ক্যাডেটবৃন্দ।
পরীক্ষায় নেতৃত্ব দেওয়া ক্যাডেট সার্জেন্ট শাহিন মিয়া জানান, প্রতি বছর নতুন ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বিএনসিসি’র ভর্তি কার্যক্রম শুরু হয়। এতে আগের এক ব্যাচও অংশ নেওয়ার সুযোগ পায়। তিনি আরও বলেন, বিএনসিসি’র মাধ্যমে ক্যাডেটরা পড়াশোনার পাশাপাশি একটি সুন্দর সময় কাটানোর সুযোগ পায়। সাপ্তাহিক ড্রিল ক্লাস, বাৎসরিক ব্যাটালিয়ন ক্যাম্প, রেজিমেন্ট ক্যাম্প ও কেন্দ্রীয় ক্যাম্পের মাধ্যমে তারা সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে এবং নেতৃত্বের গুণাবলী অর্জন করে।
পরীক্ষা শেষে প্লাটুন কমান্ডার ড. মো. শামিমুল ইসলাম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন, “বিএনসিসি’তে এসে ক্যাডেটরা যে শিক্ষাটি গ্রহণ করে তা তাদের সারাজীবনের জন্য কাজে লাগে। এখানে শুধু সামরিক প্রশিক্ষণই নয়, বরং কীভাবে নিজেকে এগিয়ে নিতে হয়, সময় ব্যবস্থাপনা ও নেতৃত্বের গুণাবলীও গড়ে ওঠে। গ্রুপভিত্তিক কাজে যে সাহস ও আনন্দ পাওয়া যায়, তা ভবিষ্যতে বিভিন্ন সেক্টরে প্রয়োগ করা সম্ভব।”
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন ২০০৯ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম সংগঠন হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই ক্যাডেটরা নিষ্ঠার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে।
বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন শুধু সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রেই নয়, বরং শিক্ষার্থীদের মানসিক, শৃঙ্খলা ও নেতৃত্বের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নবীন ক্যাডেটদের এই পরীক্ষা তাদের আগামীর পথচলায় আত্মবিশ্বাসী করে তুলবে এবং ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশসেবায় এগিয়ে আসতে উৎসাহ যোগাবে।

























































