ফেনীর দাগনভূঞা উপজেলায় স্বামীকে কুপিয়ে হত্যা করেছে এক স্ত্রী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জগতপুর গ্রামের গফুর ভান্ডারীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আলমগীর হোসেন (৪৫) এর মরদেহ উদ্ধার করে। অভিযুক্ত স্ত্রী খালেদা ইয়াসমিন (৩২) কে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহত আলমগীর হোসেন গফুর ভান্ডারী বাড়ির আব্দুল গফুরের ছেলে। তিনি পেশায় ট্রাক চালক ছিলেন।
স্থানীয়রা জানান, আলমগীর হোসেন দুই বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী ছিলেন সাবিনা ইয়াসমিন। এ ঘরে তাদের এক ছেলে সন্তান রয়েছে। পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন। মঙ্গলবার ভোরে সে দ্বিতীয় স্ত্রীর থেকে বিতাড়িত হয়ে প্রথম স্ত্রীর ঘরে এলে শুরু হয় ইয়াসমিনের সাথে বাকবিতণ্ডা।
বাকবিতণ্ডার একপর্যায়ে সকালে ইয়াসমিন ঘরে থাকা দা দিয়ে আলমগীরকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে আলমগীর মারা যান। স্বামীকে হত্যার পর সেখানেই দাঁড়িয়ে থাকেন ইয়াসমিন। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তিনি তার স্বামীকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। অভিযুক্ত স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’




















































