
গত ২৪ নভেম্বর জাতীয় দৈনিক ও স্থানীয় কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর থেকে অফিসে অনুপস্থিত রয়েছেন দেবিদ্বার উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার। তবে তিনি অফিসে না আসলেও অজ্ঞাত স্থানে বসে ফাইল স্বাক্ষরসহ নানা দাপ্তরিক কর্মকান্ড পরিচালনা করছেন বলে জানা যায়। সবুজ চন্দ্র সরকার উপজেলা প্রকৌশলীর দায়িত্ব ছাড়াও দেবিদ্বার পৌর প্রশাসকের সহায়তা কমিটির সদস্য হিসেবে ৯ নং ওয়ার্ডের দায়িত্ব থাকায় তার অনুপস্থিতিতে সেবাগ্রহীতারা পড়েছে বিপাকে। ওই ওয়ার্ডের বাসিন্দা জুলাই শহীদ আবদুর রাজ্জাক রুবেলের স্ত্রী হ্যাপী আক্তার গত ২৬ নভেম্বর একটি ওয়ারিশসনদে স্বাক্ষরের জন্য ওই ভারপ্রাপ্ত প্রকৌশলীর অফিসে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েন। অবশেষে রোববার (৩০ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় স্বাক্ষর করাতে সক্ষম হয়।
সবুজ চন্দ্র সরকার’র বিষয়ে খোঁজ নিতে কুমিল্লার বড়ুরা উপজেলার গোহালিয়া গ্রামে গিয়ে জানা যায়, সবুজ চন্দ্র সরকার ওই গ্রামের শিবু চন্দ্র সরকারের মেজো ছেলে, তার পিতা পেশায় একজন কৃষক। পিতা মাতা গ্রামের বাড়িতে থাকলেও তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর তাদের বাড়ি থেকে নিয়ে কুমিল্লায় নিয়ে আসেন। সবুজ চন্দ্র সরকারের দুই ভাই ইসকনের সদস্য। বড় ভাই পলাশ চন্দ্র সরকার দেশে থাকলেও ছোট ভাই বিপ্লব কুমার সরকার থাকেন ভারতে।
সবুজ চন্দ্র সরকারের চাচাতো ভাই সুজন চন্দ্র সরকার বলেন, সবুজ দাদার বাবা আগে ট্রাক্টর চালাতেন, দাদা কুমিল্লা শুভপুর বিয়ে করছে। দাদার চাকুরি পাওয়ার পর কুমিল্লায় ২ টি ফ্ল্যাট, ১ টি প্লট আর সাদা রঙের একটি গাড়ি আছে।
জুলাই শহীদ আবদুর রাজ্জাক রুবেল এর স্ত্রী হ্যাপী আক্তার বলেন, আমি গত ২৬ নভেম্বর থেকে ইঞ্জিনিয়ারের একটি স্বাক্ষরের জন্য ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়ি। পরে আজকে (রোববার) ইউএনও সাহেবকে বিষয়টি জানালে, তিনি ইঞ্জিনিয়ারকে ফোন করে এনে আমার ফাইল স্বাক্ষর করিয়ে দেন।
ভারপ্রাপ্ত প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার অফিসে আসার সংবাদে স্থানীয় সংবাদকর্মীরা দেখা করতে গেলে দেবিদ্বার উপজেলা প্রকৌশলী অফিসের অফিস সহকারী শরীফ বলেন, স্যার আজ অফিসে আসে নাই।
অফিসে অনুপস্থিত থেকে কর্মকান্ড কিভাবে পরিচালনা করছেন জানতে অভিযুক্ত উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত প্রকৌশলী সবুজ চন্দ্র সরকারকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার জুলাই শহীদ আবদুর রাজ্জাক রুবেল এর স্ত্রীর ফাইল স্বাক্ষর করে দিয়েছে। কিন্তু আমার সাথে সবুজ সরকারের দেখা হয় নাই।

















































